সৈয়দ আতিক, গাজীপুর: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), গাজীপুর এর আয়োজনে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে ভাওয়াল রাজবাড়ি মাঠ সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ও এসডিজি অর্জনে জীবাশ্ম জ্বালানির নির্ভরশীলতা হ্রাস করে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন এবং ব্যবহার বৃদ্ধির সচেতনতা বাড়াতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট গ্রুপ (ইয়েস), একটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) সদস্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং শ্রেণী পেশার শতাধিক নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।
সনাক সভাপতি যোবেদা আখতার এর স্বাগত বক্তব্যের মাধ্যমে মানববন্ধন আরম্ভ করা হয় এবং নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব এবং জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতে আয়োজিত মানববন্ধনে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ নিয়ে টিআইবির ধারণাপত্র তুলে ধরা হয়। ধারণাপত্রের আলোকে দিবস উপলক্ষ্যে টিআইবির দাবী সমূহ উপস্থাপন করেন সনাক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ শেকানুল ইসলাম শাহী। বক্তব্য রাখেন ইয়েস সহ-দলনেতা সুদীপ্ত চক্রবর্তী জয়, সনাক সহ-সভাপতি চিত্রা সাহা প্রমুখ। সনাকের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিমি পারভীন, শিউলি আক্তার, নূর মোহাম্মদ রাকিব। উল্লেখ্য, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য বিবেচনায় টিআইবির উদ্যোগে গতবছর প্রথমবারের মতো বাংলাদেশে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপন করা হয়।