স্টাফ রিপোর্টার: বাংলাদেশের শিক্ষক সমাজের বৃহত্তম ও প্রতিনিধিত্বশীল সংগঠন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এক সংবাদ সম্মেলনে জাতীয় শিক্ষানীতি পুনর্গঠন এবং শিক্ষক স্বার্থ সংরক্ষণে ২৫ দফা দাবি তুলে ধরেছে।
সংগঠনের পক্ষ থেকে দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
১. শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষা চালু এবং পাঠ্যবই থেকে ধর্মীয় মূল্যবোধবিরোধী বিষয়সমূহ বাদ দেওয়া।
২. সকল স্তরের শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ এবং নিয়মিত বদলির ব্যবস্থা।
৩. স্বীকৃত নন-এমপিও প্রতিষ্ঠানসমূহকে আগস্ট থেকে এমপিওভুক্ত করে বেতন-ভাতা প্রদানের ঘোষণা।
৪. বেসরকারি কলেজ ও মাদরাসা শিক্ষকদের ৮ বছর পূর্ণ হলে সহকারী অধ্যাপক পদে স্বয়ংক্রিয় পদোন্নতি এবং অধ্যাপক পদ সৃষ্টি।
৫. চাকুরিচ্যুত ও বরখাস্ত শিক্ষক-কর্মচারীদের পুনর্বহাল এবং বকেয়া পরিশোধ।
৬. অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ তহবিলের জন্য সৎ ও যোগ্য শিক্ষক দিয়ে কমিটি গঠন।
৭. প্রতিটি উপজেলায় একটি ফাজিল ও জেলায় একটি কামিল মাদরাসা সরকারিকরণ।
৮. কওমি মাদরাসা শিক্ষাকে জাতীয় স্বীকৃতি ও মাস্টার্স পর্যায়ের সার্টিফিকেট প্রদান।
৯. প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ব্যবসায়ী মনোভাব দূর করে শিক্ষাবান্ধব নীতিমালা বাস্তবায়ন।
১০. নন-এমপিও শিক্ষক সংগঠনগুলোর চলমান আন্দোলনকে যৌক্তিক দাবি হিসেবে স্বীকৃতি দিয়ে দ্রুত বাস্তবায়ন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই মাস জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাস, কারণ ২০২৪ সালের এই মাসেই শুরু হয়েছিল স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী "জুলাই বিপ্লব"। এই বিপ্লব ছিল শিক্ষিত ছাত্র, শিক্ষক ও সাধারণ মানুষের একটি ঐক্যবদ্ধ গণআন্দোলন।
সংগঠনটি আরও জানায়, ৫ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন শিক্ষক সংগঠনের সদস্যরা রাজপথে অবস্থান করেও সরকারের কাছ থেকে আশানুরূপ সাড়া পাননি। অনেকে বৃষ্টি, রোদ ও রোগে আক্রান্ত হয়ে পড়লেও তাদের প্রতি সরকার উদাসীন।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “উল্লিখিত ২৫ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে আদর্শ শিক্ষক ফেডারেশন কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”
সম্মেলনের শেষভাগে, ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলী ও সাধারণ সম্পাদক অধ্যাপক এবিএম ফজলুল করিম বলেন, “শিক্ষা হোক জাতীয় ঐক্যের ভিত্তি, শিক্ষক সমাজ হোক মর্যাদার প্রতীক। আমরা চাই আলোকিত মানুষ তৈরিতে শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন।”
তারা সরকারের কাছে দাবি জানান, প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা যেন দ্রুত পদক্ষেপ নিয়ে এই দাবিগুলোর বাস্তবায়ন নিশ্চিত করেন।