প্রেস বিজ্ঞপ্তি: সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকাস্থ সিঙ্গাপুর হাইকমিশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াত নেতৃবৃন্দ অংশ নেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে সিঙ্গাপুরের জাতীয় দিবস উপলক্ষে একটি শুভেচ্ছাপত্র সিঙ্গাপুর হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের হাতে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সিঙ্গাপুর হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মি. মিশেল লি-এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সিঙ্গাপুর সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ এবং বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মোহাম্মদ মাবরুর।
এসময় জনাব মিয়া গোলাম পরওয়ার সিঙ্গাপুরের সরকার ও জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একইসঙ্গে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।