• ঢাকা |

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী আর্জেন্টিনা, অব্যাহত সমর্থনের আশ্বাস


নিউজ প্রকাশের তারিখ : ১০ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে আর্জেন্টিনা। একই সঙ্গে ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি দেশটির দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগের সম্ভাবনা এবং আন্তর্জাতিক সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে বাংলাদেশে আর্জেন্টিনার বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আর্জেন্টিনার রাষ্ট্রদূত বলেন, ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি আর্জেন্টিনার দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে আগামী দিনে বাংলাদেশে আর্জেন্টিনার বিনিয়োগ আরও বাড়বে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসার সঙ্গে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা দূতাবাসের উপপ্রধান পাত্রিসিও উরুয়েনা পালাসিও।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।