সুচিকিৎসা নিশ্চিত ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ১০ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, ১০ নভেম্বর মঙ্গলবার রাত ২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৯ শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিতে আসা এবং তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।
তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের এমন দুর্ভোগ অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। বিশেষ করে চারজন শিক্ষার্থীকে আইসিইউতে এবং একজনকে লাইফ সাপোর্টে রাখার খবর আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমি আক্রান্ত সব শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করছি এবং উদ্বিগ্ন পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি।
তিনি বলেন, আক্রান্ত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, কী কারণে এবং কীভাবে মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। অগ্নিকাণ্ডের পেছনে কারো অবহেলা, দায়িত্বহীনতা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।