• ঢাকা |

আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার পেলেন কালীগঞ্জের তরুণ ফ্যাশন ডিজাইনার রাব্বি


নিউজ প্রকাশের তারিখ : ৬ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশের লোকজ ঐতিহ্য ও পহেলা বৈশাখের উৎসবকে আধুনিক পোশাক ও পণ্যের নকশায় ফুটিয়ে তুলে চীনে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন গাজীপুরের কালীগঞ্জের তরুণ ফ্যাশন ডিজাইনার মো. রাব্বি। ‘দ্য ফোর্থ ইন্টারন্যাশনাল ফোক গিফটস ইনোভেটিভ ডিজাইন কনটেস্ট’-এ তিনি সম্মানজনক ‘বেস্ট ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।

​২০২৬ সালের আইএসএফএস অ্যাওয়ার্ডের আওতায় চীনের সাংহাই শহরে গত ৩০ অক্টোবর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৈশ্বিক এই আয়োজনে বিভিন্ন দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ উপাদানকে সৃজনশীল নকশায় উপস্থাপনের দক্ষতা মূল্যায়িত হয়। আয়োজনটির মূল দায়িত্বে ছিল সাংহাই ফ্যাশন অ্যাকসেসরিজ সোসাইটি। সহযোগী ডংহুয়া ইউনিভার্সিটির সাংহাই ইন্টারন্যাশনাল ফ্যাশন ইনোভেশন সেন্টার ও কলেজ অব হিউম্যানিটিজ।

​প্রতিযোগিতায় তরুণ ডিজাইনার রাব্বি বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখকে মূল ভাবনা হিসেবে বেছে নেন। তাঁর নকশায় স্থান পায় বাংলাদেশের আবহমান লোকজ মোটিফ, ঐতিহ্যবাহী প্যাটার্ন ও উৎসবের চনমনে রং। দৈনন্দিন ব্যবহারের পোশাক ও সামগ্রী—যেমন টি-শার্ট, কেপ, মোজা ও ওড়নায় দেশীয় ঐতিহ্যের সাথে আধুনিক ডিজাইনের নান্দনিক মেলবন্ধন ঘটান তিনি।

​সফল এই ডিজাইনারের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের অলুয়া গ্রামে। তিনি বর্তমানে চীনের উহান টেক্সটাইল ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন বিষয়ে পিএইচডি করছেন। প্রাতিষ্ঠানিক অধ্যয়নের পাশাপাশি ফ্যাশন ও টেক্সটাইল সংক্রান্ত বিভিন্ন গবেষণামূলক কাজে যুক্ত রয়েছেন তিনি।

​আন্তর্জাতিক এই অর্জন সম্পর্কে রাব্বি বলেন, “বৈশ্বিক মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করে এমন একটি সম্মাননা পেয়ে আমি গর্বিত। এই সাফল্য কেবল আমার ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের উদীয়মান ফ্যাশন শিল্পের জন্যও বড় অনুপ্রেরণা। দেশীয় সংস্কৃতিকে আধুনিকতার ছোঁয়ায় বিশ্বদরবারে তুলে ধরতে ভবিষ্যতেও কাজ করে যেতে চাই।”

​এদিকে আন্তর্জাতিক অঙ্গনে কালীগঞ্জের সন্তান রাব্বির এই গৌরবময় অর্জনে তাঁর এলাকার মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে।