• ঢাকা |

নড়াইলে প্রতিপক্ষের হামলায় আহত ৮


নিউজ প্রকাশের তারিখ : ২০ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

জহুরুল হক মিলু, নড়াইল: নড়াইল সদর উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে অতর্কিত হামলা চালিয়ে আটজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার চুনখোলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন— সদর উপজেলার সিংগা গ্রামের সানোয়ার মোল্যা, শহিদুল মোল্যা ও বড়গাতী গ্রামের ইমাম জিন্নাত, সুজন শেখ, শহিদুল শেখ, হাফিজ সরদার, মহিদুল মোল্যা ও সাইফুল ইসলাম। তারা সবাই একই পক্ষের লোক।

আহত ও তাদের স্বজনেরা জানায়, মঙ্গলবার সকালে মামলা সংক্রান্ত এক কাজে নিজ এলাকা থেকে নড়াইল শহরে যাচ্ছিলেন আটজন। এসময় চুনখোলা মোড় এলাকায় পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায় এলাকার প্রতিপক্ষরা। খবর পেয়ে স্থানীয় ও স্বজনরা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুইজনে যশোরে প্রেরণ করা হয়েছে।

নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া বলেন, হামলা নয় পূর্ব বিরোধের জেরে চুনখোলা মোড়ে এলাকার দুই পক্ষ মারামারি করেছে। এতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় তৎপর রয়েছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।