জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়”—এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র্যালি ও সমাবেশ করা হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় সমাবেশ করেন।
এসময় সমাবেশে নিসচা ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো: জাহিদ ইকবাল, সহ সভাপতি মাসুদ আহমেদ সুবর্ণ, সাধারণ সম্পাদক ননী গোপাল বর্মণ, বিআরটিএ কার্যালয়ে উচ্চমান সহকার মো. রুস্তম আলী, আকচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার চৌধুরী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে তারা বলেন, মরহুম জাহানারা কাঞ্চন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু থেকেই আজকের নিরাপদ সড়ক চাই আন্দোলনের সূচনা। সড়কে প্রতিদিনের দুর্ঘটনা রোধে আইন প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি, দ্রুত চিকিৎসা ব্যবস্থা ও যানবাহনের সঠিক নিয়ন্ত্রণ নিশ্চিত করার ওপর তারা জোর দেন।
তারা আরও বলেন, বাংলাদেশে সড়কে মৃত্যুর মিছিল থামাতে সরকারের পাশাপাশি সকল নাগরিককেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে চালক, পথচারী ও পরিবহন মালিকদের সচেতনতা জরুরি। সচেতনতাই একমাত্র সড়ক দুর্ঘটনা রোধের উপায়।