রায়হান আহমেদ, ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীতে পৃথক অভিযানে চুরির অভিযোগে একজন এবং ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে নগরীর কাঠগোলা বাজার ও রহমতপুর এলাকায় কোতোয়ালি থানাধীন ২নং পুলিশ ফাঁড়ি কর্তৃক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
২ নং ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে নগরীর কাঠগোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে নাদিম (২০) নামে এক যুবককে চুরির অভিযোগে আটক করে ২ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা। তার পিতার নাম মোহাম্মদ আলী এবং মাতার নাম নাজমা বেগম। তার বাড়ি কোতোয়ালী থানাধীন এলাকায়।
অন্যদিকে, একই দিন বিকেল ৫টার দিকে নগরীর রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন জামিরুল ইসলাম (২৬), মারুফ (২০) ও সোহান (২৬)। তারা সবাই ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা এলাকার বাসিন্দা।
২ নং ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সেলিম মিয়া জানান, পৃথক অভিযানে আটক চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ময়মনসিংহ নগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি দৈনিক গণজাগরণকে জানান।