জাহাঙ্গীর আলম, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার আড়িয়াল ইউনিয়নের বেশ কিছু গ্রামে আর্সেনিকমুক্ত নিরাপদ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে এই সংকট চলমান থাকায় স্থানীয় বাসিন্দারা পড়েছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে এবং প্রতিদিনের জীবনযাত্রা হয়েছে বিপর্যস্ত।
বিশেষ করে আড়িয়াল ইউনিয়নের সিংহের নন্দন গ্রামের বাসিন্দারা এই সমস্যায় সবচেয়ে বেশি ভুগছেন। গ্রামের অধিকাংশ টিউবওয়েলের পানি আর্সেনিকে দূষিত হওয়ায় নিরাপদ খাবার পানি হিসেবে তা ব্যবহার অনুপযুক্ত হয়ে পড়েছে।
সিংহের নন্দন গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন বলেন,"আমাদের এলাকায় বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই। টিউবওয়েলের পানি আর্সেনিকযুক্ত হওয়ায় বাধ্য হয়ে অনেকেই দূর-দূরান্ত থেকে পানি এনে খাচ্ছে। বিষয়টি বহুবার প্রশাসনকে জানানো হলেও আজ পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।"
স্থানীয় নারী ও শিশুরা প্রতিদিন নিরাপদ পানির জন্য ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করছেন। অনেকে পুকুর থেকে পানি সংগ্রহ করে ফুটিয়ে পান করছেন, যা অনেক সময় পরিপূর্ণভাবে নিরাপদ নয়।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির বলেন,আমরা খুব দ্রুত সমস্যাকবলিত এলাকাগুলোর জন্য বিকল্প পানির উৎস তৈরির উদ্যোগ নেওয়া হবে। টংগিবাড়ি উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন আর্সেনিকযুক্ত পানি পান করলে ক্যান্সার, চর্মরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে জনস্বাস্থ্য নিয়ে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।
স্থানীয়দের দাবী, শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তব পদক্ষেপ দেখতে চান তারা। এলাকাবাসীর আকুতি— সরকার যেন দ্রুত গভীর নলকূপ স্থাপনের মতো টেকসই প্রকল্প গ্রহণ করে।