কল্লোল আহমেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে সরকারি বিধি অমান্য করে সার বিক্রি ও পরিবহনের দায়ে এক ডিলার ও এক অবৈধ ব্যবসায়ীকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার মমিনের গ্যারেজ সংলগ্ন এলাকায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আজিজা বেগম। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার।
অভিযানকালে মেমো সংরক্ষণ না করা, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং বিনির্দেশ বহির্ভূতভাবে অবৈধ ব্যবসায়ীর কাছে সার বিক্রির দায়ে এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, সার পরিবহনের সময় এক অবৈধ ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তার কাছ থেকে ৫ হাজার ২৫০ টাকা মূল্যের ৫ বস্তা ডিএপি সার জব্দ করে উপজেলা কৃষি অফিসারের জিম্মায় দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি বরাদ্দের সার যাতে নির্ধারিত মূল্যে ও সঠিক নিয়মে কৃষকদের কাছে পৌঁছে, সে বিষয়ে কঠোর নজরদারির বিষয়টি উঠে আসে।
আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আজিজা বেগম বলেন, “কৃষকদের জন্য সরকারি বরাদ্দের সার যাতে নির্ধারিত মূল্যে ও নিয়ম মেনে বিক্রি হয়, তা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।