নজরুল ইসলাম বিপ্লব, কালীগঞ্জ (লালমনিরহাট): লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোঙ্গাগাঁছ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাহবুবুর রহমানের বাড়ি পরিদর্শন করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের পক্ষ থেকে ইউএনওর মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন, নগদ অর্থ এবং ঘর পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় নির্মাণসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। তিনি জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের পক্ষ থেকে জানানো হয়, যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকা তাঁর নৈতিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি ঘোঙ্গাগাঁছ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মাহবুবুর রহমানের বসতঘর ও মূল্যবান মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পর স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা প্রস্তুত করে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করে।