মোহাম্মদ কমরুজ্জামান জুয়েল, কুলাউড়া: মৌলভীবাজারের কুলাউড়ায় পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আসমা বেগম (২৭) নামে এক যুবতী নিহত হয়েছেন।
শুক্রবার ১৪ আগস্ট বিকেল ৫টার দিকে কুলাউড়া রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালসংলগ্ন ইসলামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুলাউড়া রেলওয়ে থানার এসআই আক্তারুজ্জামান জানান, ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া স্টেশনে প্রবেশের সময় ওই তরুণী রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে ও কুলাউড়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে নিহতের সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
নিহত আসমা বেগম কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নমৌজা এলাকার হোসেন মিয়ার মেয়ে।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।