মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, “আমাদের সম্প্রীতির বন্ধনকে কেউ নস্যাত করতে পারবে না।”
বুধবার (০১ অক্টোবর ) দুপুরে তিনি পৌর শহরের কেন্দ্রীয় শ্রীশ্রী গোবিন্দ জিউ মন্দির পরিদর্শন করেন। সেখানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ডিআইজি আমিনুল ইসলাম।
তিনি আরও বলেন, “সনাতন, মুসলিমসহ সকল ধর্মের মানুষ এ দেশে যুগ যুগ ধরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। অতীতে যারা এই সম্প্রীতি ভাঙতে চেয়েছে তারা হতাশ হয়েছে। বাংলাদেশের মানুষ সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে, এই বন্ধন অটুট থাকবে—কেউ তা ভাঙতে পারবে না।”
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় শ্রীশ্রী গোবিন্দ জিউ মন্দিরের সভাপতি স্বপন দে সোপু, সাধারণ সম্পাদক যামিনী কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জয় মহন্ত অলকসহ হিন্দু সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে ডিআইজি শহরের অন্যান্য পূজামণ্ডপও পরিদর্শন করেন।