আশিকুর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ছামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে এবং গাজী আল ইমরানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক জি.এম. খলিলুর রহমান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইসলাম ইমন, সিনিয়র সাংবাদিক প্রকৌশলী আফজালুর রহমান এবং দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা হুসাইন বিন আফতাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে ভিডিও ধারণের ‘অপরাধে’ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য এক গভীর হুমকি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, শ্যামনগরের সাংবাদিক সমাজ চাঁদাবাজি, দুর্নীতি ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। এই ঘটনার ন্যায়বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
মানববন্ধনে শ্যামনগরের বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ শতাধিক সাংবাদিক অংশ নেন। ব্যানার ও প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।