নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া ইউনিয়নের মহাকাল গ্রামের তরুণ ক্রিকেটার তরফদার মুবতাসিম সাদিক (অর্ক) বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের ২০২৬ সালের ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ওপেনার-ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন। তার এ সাফল্যে আনন্দের বন্যা বইছে পরিবার, এলাকাবাসী এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে।
সাদিক মো. শাহিনুল হক তরফদার ও নুরুন্নাহার পাপিয়ার সন্তান। তিনি খুলনা বিভাগ থেকে একমাত্র ব্যাটসম্যান এবং যশোর জেলার একমাত্র ক্রিকেটার হিসেবে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছেন।
জানা গেছে, গত তিন বছর ধরে জেলা, বিভাগীয় এবং ইয়াং ক্রিকেটার্স লিগ (ওয়াইসিএল)-এ ধারাবাহিক নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে সাদিক জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচন ক্যাম্পে ডাক পান। ক্যাম্পেও দুর্দান্ত পারফরম্যান্স করে নির্বাচকদের আস্থা অর্জন করেন তিনি।
নির্বাচন ক্যাম্পের প্রথম ম্যাচেই অপরাজিত সেঞ্চুরি করে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন এই তরুণ ওপেনার। এছাড়া খুলনায় অনুষ্ঠিত ক্যাম্পে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, যা তার জাতীয় দলে জায়গা পাওয়ার পথ আরও সুদৃঢ় করে।
আগামী ৬ জুলাই ২০২৬ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এ অনুষ্ঠিতব্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কিল ক্যাম্পে যোগ দেবেন সাদিক। এই ক্যাম্পে ভালো পারফরম্যান্স করতে পারলে আসন্ন অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপে বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ তৈরি হবে।
সাদিকের এ অর্জনে গর্বিত অভয়নগরবাসী। এলাকাবাসীর বিশ্বাস, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজের মেধা ও পারফরম্যান্সের মাধ্যমে তিনি অভয়নগর, যশোর এবং বাংলাদেশের সুনাম আরও উজ্জ্বল করবেন। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে সাদিকের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করা হয়েছে।