মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের শতখালী (খিদির পাড়া) গ্রামে পূর্ব শত্রুতার জেরে পানি উন্নয়ন বোর্ডের সাব-ঠিকাদার মোহাম্মদ মোশারফ হোসেনকে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। আপন ভাই ও ভাতিজাসহ স্থানীয় কয়েকজনের হামলায় আহত ওই ঠিকাদার বর্তমানে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মোশারফ হোসেন জানান, গত বৃহস্পতিবার রাত আনুমানিক আটটার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে গ্রামস্থ হালিম ও আক্কাসের বাড়ির মাঝামাঝি স্থানে পৌঁছালে ওত পেতে থাকা একদল হামলাকারী তার ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, মোশারফ হোসেনের আপন ভাই আলতাপ হোসেন প্রথমে বাঁশ দিয়ে তাকে আঘাত করেন। পরবর্তীতে আলতাপের ছেলে ইসমাইল, ইসমাইলের ছেলে হাসান ও আজিজুর রহমান,জোহুর ছেলে সাইদুল ইসলামসহ অজ্ঞাত আরও কয়েকজন হাতুড়ি ও স্টিলের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে।
হামলাকারীরা মোশারফ হোসেনকে গুরুতর আহত করার পাশাপাশি তার সাথে থাকা নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তার মোটরসাইকেলটি ভাঙচুর করে। এ সময় তার চিৎকারে মেয়ে এগিয়ে এলে তাকেও লাঞ্ছিত ও মারধর করা হয় বলে জানা গেছে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা মোমরেজ হোসেন তাকে উদ্ধার করেন এবং ওই রাতেই শালিখা (হাজরাহাটি) হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর দাবি, এস্কেবেটরের (ভেকু) তেল চুরি ও বাড়ির মোটর চুরির ঘটনা এবং পূর্ব শত্রুতার জেরে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, হামলাকারীদের মধ্যে হাসান ইতিপূর্বে বিভিন্ন চুরির ঘটনায় প্রশাসনের হাতে আটক হয়েছিল।
হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাতে থাকা মোশারফ হোসেন এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।