মোঃ মোস্তাফিজার রহমান বাবুল, বগুড়া: বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়া ইসকন মন্দিরের যাওয়ার রাস্তায় ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাতে ইসকন মন্দিরের ২০০ গজ পূর্বে 'এক ভাই দুই বোন ভিলা'র পাশে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাতনামা ১০-১৫ জন দুষ্কৃতিকারী ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মোঃ হাবিবুর রহমান খোকন নাম এক যুবককে (৩৭) গুরুতর জখম করে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে খোকনকে পড়ে থাকতে দেখে তারা দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোঃ হাবিবুর রহমান খোকন (৩৭) বগুড়া সদর উপজেলার মালতিনগর দক্ষিণ পাড়ার বাসিন্দা এবং মোঃ কামাল হোসেনের ছেলে।
খবর পেয়ে সদর সার্কেল মোস্তফা মঞ্জুর এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং হত্যা কাণ্ডে জড়িতদের শনাক্তে অভিযান শুরু করেছে।