সৈয়দ জহুরুল হক টুটুল, আলফাডাঙ্গা: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালীনগরে যুব সমাজের উদ্যোগে শুরু হয়েছে ৬৪ দলীয় কেরাম প্রতিযোগিতা। আজ শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল থেকে জমজমাট ভাবে শুরু হয় এ প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় বিজয়ী দলের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন রাখা হয়েছে।
খেলাকে ঘিরে কালীনগর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রতিযোগিতা দেখতে বিভিন্ন এলাকা থেকে কেরাম প্রেমী ও দর্শনার্থীরা ভিড় করছেন। খেলা উপলক্ষে মাঠের আশপাশে বসেছে বিভিন্ন ধরনের দোকানপাট ও অস্থায়ী খাবারের স্টল, ফলে পুরো আয়োজনটি পরিণত হয়েছে এক মিলনমেলায়।
আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও বিভিন্ন অপকর্ম থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।