ফিরোজ মাহবুব কামাল
ইসলামী রাষ্ট্রের নির্মাণের জিহাদ: ঈমানের পরীক্ষা ক্ষেত্র
মুসলিমের ঈমানের প্রকাণ্ড ব্যর্থতাটি পোষাক পরিচ্ছদ, পানাহার, নামাজ রোজা, হজ্জ যাকাত, ওয়াজ নসিহত, মসজিদ মাদ্রাসা নির্মাণে ধরা পড়ে না। এমন কি মুনাফিকগণও এগুলি পালন করতে পারে। বাংলাদেশের ন্যায় দুর্বৃত্তির প্লাবনে ভাসা দেশেও তাই কোটি কোটি নামাজী, বহু লক্ষ হাজী, লক্ষ লক্ষ আলেম আল্লামা, তিন লাখের বেশী মসজিদ এবং বহু হাজার মাদ্রাসা। তবে ঈমানের প্রচণ্ড ব্যর্থতাটি স্পষ্ট ভাবে দৃশ্যমান হয় ইসলামী রাষ্ট্র নির্মাণে ব্যর্থতা থেকে। কারণ, এখানে অপরিহার্য হলো জিহাদ এবং সে জিহাদে বিপুল বিনিয়োগ থাকতে হয় অর্থ, শ্রম, মেধা ও রক্তের। নবীজী (সা:)’য়ের অর্ধেকের বেশী সাহাবী সে জিহাদে শহীদ হয়েছিলেন। কিন্তু নিজের জান মালের কুরবানীর সে সামর্থ্য অধিকাংশ নামাজী, রোজাদার, হাজী ও আলেম আল্লামার থাকে না। কারণ নামাজী, হাজী ও আলেম আল্লামা হওয়ার চেয়ে বহুগুণ কঠিন হলো আল্লাহর পথে জিহাদে মুজাহিদ হওয়া। আব্দুল্লাহ বিন উবাই নবীজী (সা:)’য়ের পিছনে প্রথম সারিতে নামাজ পড়েও সে যোগ্যতা অর্জন করতে পারিনি। বাংলাদেশীদের মাঝে সে যোগ্যতা যে কত কম -সেটি বুঝা যায় ইসলামী রাষ্ট্র নির্মাণের জিহাদে লোকবলের কমতি থেকে। এজন্যই বাংলাদেশের মত দেশে মসজিদ মাদ্রাসায় ভরে উঠলেও প্রতিষ্ঠা পায়নি ইসলামী রাষ্ট্র। ফলে দেশের সংবিধানে নাই মহান রব’য়ের সার্বভৌমত্ব, আদালতে নাই শরিয়া এবং রাজনীতিতে নাই দুর্বৃত্তির নির্মূল ও সুবিচার প্রতিষ্ঠার জিহাদ।
পবিত্র কুর’আনে যে বিষয়টি মহান আল্লাহ তায়ালা বার বার উল্লেখ করেছেন তা হলো, পরীক্ষায় পাশ না করে জান্নাত পাওয়ার কোন পথ নাই। সে পরীক্ষা নবী রাসূলদেরও দিতে হয়েছে। এবং পরীক্ষা নেয়াই মহান আল্লাহ তায়ালার সূন্নত। তাই একজন মু’মিন ব্যক্তিকে শুধু আল্লাহ তায়ালা ও তাঁর রাসূলের পক্ষে সাক্ষী দিলে চলে না, পরীক্ষাটি দিতে হয় “সত্য ও সুবিচারের প্রতিষ্ঠা ও মিথ্যা ও অবিচারের নির্মূলে নিজের শ্রম, সময়, মেধা, অর্থ ও প্রাণের বিনিয়োগ করে। এমন কি এ পথে তাকে শহীদও হতে হয়। এগুলি ঈমানের প্রাকটিকাল টেস্ট। ঈমানের দাবীতে কে সাচ্চা এবং কে ভণ্ড –সেটি প্রকাশ করে দেয়ার জন্যই এ পরীক্ষা। তখন মুনাফিকদের পরিচয়টি দৃশ্যমান হয় এবং মুনাফিকদের বিরুদ্ধে মুমিনদের যুদ্ধটি সহজ হয়ে যায়। এ পৃথিবী পৃষ্ঠে মুনাফিকি গোপন রাখার পথ যে নাই -মহান রব সে কথাটি জানিয়ে দিয়েছেন নিচের আয়াতে:
وَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَلَيَعْلَمَنَّ الْمُنَافِقِينَ
অর্থ: “আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা বিশ্বাস স্থাপন করেছে এবং নিশ্চয় জেনে নেবেন কারা মুনাফেক।”-(সুরা আনকাবুত, আয়াত ১১)
ঈমানের পরীক্ষা নেয়া হয় ঈমানদারদেরকে জালেম শক্তির মুখোমুখি হাজির করে। কুর’আন পাঠ, নামাজ রোজা ও হজ্জ যাকাত পালনে ঈমানের সে কঠিন পরীক্ষাটি হয় না। সেরূপ ইবাদত বহু জালেম, ফাসেক, মুনাফিক, ঘুষখোর, সূদখোর, ধর্মব্যবসায়ী আলেম, মিথ্যাবাদী দুর্বৃত্তগণও পালন করতে পারে। যা সবাই করতে পারে -তা দিয়ে কখনো কে ঈমানদার এবং কে বেঈমান, সেটি বাছাই করা যায়না। বাছাইয়ের সে কাজটি করে জিহাদ। কারণ, যারা মুনাফিক বা বেঈমান, তারা কখনো জিহাদের ধারে কাছে যায় না; তারা বরং জিহাদের বিরুদ্ধে গালিগালাজ করে। জিহাদ তাই ঈমানদার বাছাইয়ের সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র।
পার্থিব জীবনের পুরা মেয়াদটি এবং পুরা কর্মক্ষেত্রই হলো মু’মিনের জন্য পরীক্ষা পর্ব। বস্তুত পরীক্ষা নেয়ার জন্যই মানবের সৃষ্টি ও পৃথিবী পৃষ্ঠে আগমন। এবং মৃত্যুহীন আখেরাতের জীবন হলো প্রতিদানের জন্য। যারা পরীক্ষায় পাশ করে তাদের জন্য জান্নাত এবং যারা ফেল করে তাদের জন্য হলো জাহান্নাম। সেটির উল্লেখ মহান রব’য়ের সে পরিকল্পনার ঘোষণা এসেছে সুরা মুলকের ২ নম্বর আয়াতে। নিশ্চিত পরীক্ষার বিষয়টি চেতনায় ধারণ করে যারা প্রতিদিনের প্রতিটি ঘন্টা প্রস্তুতি নেয়, একমাত্র তারাই পরীক্ষায় পাশ করে। অধিকাংশ মানুষের অবস্থা এমন, তারা পরীক্ষার বিষয়টি বিশ্বাস করে বটে, কিন্তু বেশি বেশি অর্থ সম্পদ, বেশি সামজিক সুখ্যাতি ও বেশি আনন্দ ফুর্তিতে ডুবে থাকার কারণে পরীক্ষার প্রস্তুতির সময় থাকে না। পরীক্ষার হলে বসে তারা ঘুমায় বা আনন্দ ফুর্তি করে। এরাই পরীক্ষা ফেল করে এবং জাহান্নাম যায়। পরীক্ষায় পাশের পরই আসে প্রমোশন। সফল মু’মিনের জীবনে সে বিশাল প্রমোশনটি আসে জান্নাতপ্রাপ্তির মধ্যে দিয়ে। তখন শুরু হয় শ্রমহীন, ক্লেশহীন এক আনন্দময় মৃত্যুহীন জীবন।
দুনিয়ার এ জীবনে কোন কিছুই বিনা মূল্যে জুটে না, সব কিছুর মূল্য দিয়ে কিনতে হয়। প্রাপ্তিটি যত বড়, মূল্যও ততই বিশাল। ঈমানদারকে জান্নাতের মূল্য পরিশোধ করতে হয় মৃত্যুর আগেই। এমন কি মূল্য পরিশোধ করতে হয়েছে নবীজী (সা:) ও তাঁর সাহাবাদেরও। তবে সে মূল্যটি পরিশোধের নিয়মটি ভিন্ন; জান্নাত সম্পদ দিয়ে কেনা যায় না। কিনতে হয় জীবন-ভর আল্লাহ তায়ালার পথে জিহাদে তাঁর প্রতিটি হুকুম পালনের মধ্য দিয়ে। এবং সে কাজে অর্থ, শ্রম, মেধা, সময় ও রক্তদানের মধ্য দিয়ে। মুমিন ব্যক্তি জান্নাতের মূল্য পরিশোধ করে নিজের জীবনকে আল্লাহর কাছে বিক্রয় করে -সে ঘোষণাটি এসেছে সুরা তাওবার ১১১ নম্বর আয়াতে। মহান আল্লাহ তায়ালার যে কোন একটি হুকুমের বিরুদ্ধে বিদ্রোহ বা অবাধ্যতা জান্নাত লাভের সম্ভাবনাকে নস্যাৎ করে দেয়।
মুমিনের ঈমানের পরীক্ষা কি ভাবে নেয়া হবে -সে বিবরণ পবিত্র কুর’আনের বহু সুরাতে বহু ভাবে বর্ণিত হয়েছে। সে পরীক্ষা নিয়ে মহান আল্লাহ তায়ালার নিজের বর্ণনাটি হলো:
أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا۟ ٱلْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ ٱلَّذِينَ خَلَوْا۟ مِن قَبْلِكُم ۖ مَّسَّتْهُمُ ٱلْبَأْسَآءُ وَٱلضَّرَّآءُ وَزُلْزِلُوا۟ حَتَّىٰ يَقُولَ ٱلرَّسُولُ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ مَتَىٰ نَصْرُ ٱللَّهِ ۗ أَلَآ إِنَّ نَصْرَ ٱللَّهِ قَرِيبٌۭ
অর্থ: “তোমরা কি মনে করে নিয়েছো যে, তোমরা এমনিতেই (বিনা পরীক্ষায়) জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো তোমাদের নিকট তোমাদের পূর্ববর্তীদের অবস্থা আসেনি? অর্থ সংকট ও দুঃখ-ক্লেশ তাদেরকে স্পর্শ করেছিল এবং তারা ভীত ও প্রকম্পিত হয়েছিল। এমনকি রাসূল এবং তাঁর সাথের সঙ্গিরা যারা ঈমান এনেছিল তারা বলে উঠেছিল, ”আল্লাহর সাহায্য কখন আসবে?” জেনে রাখো, আল্লাহর সাহায্য অবশ্যই নিকটে।”–(সুরা বাকারা, আয়াত ২১৪)।
ব্যর্থতা জিহাদের আযানে লাব্বায়েক বলায়
মক্কার কাফের সমাজেও নামাজ পড়া অসম্ভব ছিল না। প্রকাশ্যে সম্ভব না হলেও গোপনে নামাজ আদায় করা যেত। কিন্তু অতি কঠিন ছিল শরিয়া পালন এবং ইসলামের সামাজিক সুবিচারের নীতি নিয়ে বাঁচা। সে সমাজে অসম্ভব ছিল দুর্বৃত্তির নির্মূল এবং সুনীতি ও সুবিচারের প্রতিষ্ঠার জিহাদ। তখন আবু জেহেল ও আবু লাহাবদের ন্যায় দুর্বৃত্তদের নেতৃত্বে প্রতিষ্ঠা পেয়েছিল অন্যায় অত্যাচার, জুলুম শোষন, চুরি ডাকাতি, শিশুহত্যা, অশ্লিলতা ও ব্যাভিচারের ন্যায় দুর্বৃত্তির জোয়ার। ইসলামের নীতি হলো, যেখানেই প্রতিষ্ঠা পায় মিথ্যাচার, দুর্বৃত্তি ও জুলুম নির্যাতন এবং বিলুপ্ত হয় আল্লাহ তায়ালার সার্বভৌমত্ব ও তাঁর শরিয়া, সেখানেই প্রতি মুহুর্ত ধ্বনিত হয় জিহাদের আযান। নামাজের আযান দেয় মুয়াজ্জিন; আর জিহাদের আযান দেন খোদ মহান আল্লাহ তায়ালা। পবিত্র কুর’আনে বার বার ধ্বনিত হয়েছে সে আযান। মুসলিমকে শুধু নামাজের আযানে লাব্বায়েক বললে চলে না, অবশ্যই লাব্বায়েক বলতে হয় জিহাদের আযানেও। যারা নিজেদের মাল ও জানের বিনিয়োগ নিয়ে জিহাদে লিপ্ত হয়, সুরা হুজরাতের ১৫ নম্বর আয়াতে একমাত্র তাদেরকেই ঈমানের দাবীতে সত্যবাদী বলা হয়েছে। জিহাদ শূন্যতার অর্থই যে ঈমান শূন্যতা -সে আয়াতটিতে তা সুস্পষ্ট করা হয়েছে। কিন্তু যারা কুর’আন পড়ে না, এবং পড়লেও যারা তার অর্থ বুঝে না -তারা জিহাদের সে আযান শুনবে কিরূপে? সে আযানে লাব্বায়েকই বা বলবে কিরূপে? বরং কুর’আনের এমন জ্ঞান শূন্যরাই লাব্বায়েক বলে শয়তানের আযানে।
আযানের অর্থ কাউকে ডাকা বা আহবান করা। প্রতিটি মুসলিম ভূমিতে শয়তানের খলিফাগণ আযান দেয় ভাষা, বর্ণ, গোত্র ও আঞ্চলিকতা ভিত্তিক ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র গড়ার রাজনীতির নামে। আযান দেয় সেক্যুলারিজম, জাতীয়তাবাদ, ফ্যাসিবাদ, রাজতন্ত্র, কম্যুনিজম, লেবারালিজম ইত্যাদি নানা মতবাদী রাজনীতির নামে। পতিতাপল্লীরা পতিতারা ডাকে জ্বিনার বাণিজ্য। আর চাঁদাবাজ রাজনীতিবিদগণ ডাকে চাঁদাবাজীর বাণিজ্যে। বুঝতে হবে ইসলামী রাষ্ট্র নির্মাণের জিহাদ ছাড়া অন্য কোন এজেন্ডার পক্ষে মানুষকে ডাকার অর্থই হলো শয়তানের পক্ষে আযান। বাংলাদেশের রাজনীতিতে অতীতে সে আযান দিয়েছে শেখ মুজিব, মাওলানা ভাসানী, জেনারেল জিয়া, জেনারেল এরশাদ, শেখ হাসিনা এবং অন্যান্য সেক্যুলার, কম্যুনিস্ট, হিন্দুত্ববাদী ও জাতীয়তাবাদী নেতা-নেত্রীগণ। এখন সে জাতীয়তাবাদী হারাম রাজনীতির স্লোগান দিচ্ছে তারিক জিয়া ও তার সঙ্গীগণ। পরিতাপের বিষয় হলো অধিকাংশ মুসলিম দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জিহাদের আযানে লাব্বায়েক বলে না; বরং লাব্বায়েক বলে শয়তানের অনুসারীদের আযানে। সেটি বুঝা যায় তাদের হাতে শয়তানের এজেন্ডার বিশাল বিজয় দেখে। পরিতাপের বিষয় হলো, প্রায় প্রতিটি মুসলিম দেশে শয়তানের বিজয়টি বিশাল; সেটি দৃশ্যমান হয় জাতীয়তাবাদী চেতনার জোয়ার, সেক্যুলার রাষ্ট্রীয় নীতি, শরিয়ার বিলুপ্তি, সূদী অর্থনীতি, সরকারি প্রহরায় জ্বিনার বাণিজ্য ও দুর্বৃত্তির প্লাবন দেখে।
অনৈসলামী রাষ্ট্রের পাপের সাথে শুধু বেঈমান শাসক শ্রেণী ও রাষ্ট্রের দুর্বৃত্ত আমলারাই জড়িত থাকে না, বরং সে পাপে জড়িত হয় বিপুল জনগণও। কারণ, যারা ভোট দিয়ে, অর্থ দিয়ে এবং মিটিং মিছিলে যোগ দিয়ে অপরাধীদের বিজয়ী করে -তারা কখনোই নির্দোষ হতে পারে না। তারাও গুরুতর অপরাধী। মুসলিম রূপে তাদের দায় ছিল আল্লাহ তায়ালার ডাকে লাব্বায়েক বলা এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে খাড়া হওয়া। কিন্তু সেটি তারা করিনি। যদি তারা নবীজী (সা:)’য়ের সত্যিকার অনুসারী হতো, তবে তারা পূর্ণ ইসলাম পালনে আগ্রহী হতো। তারা বুঝতো, অনৈসলামী রাষ্ট্রে পূর্ণ ইসলাম পালন অসম্ভব। পূর্ণ ইসলাম পালনের জন্য প্রতিষ্ঠা দিতে হয় ইসলামী রাষ্ট্রের -যেমন প্রতিষ্ঠা দিয়েছিলেন নবীজী (সা:)। ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা ছাড়াই যদি পূর্ণ ইসলাম পালন সম্ভব হতো তবে নবীজী কেন ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠায় ও সে রাষ্ট্রের প্রতিরক্ষায় ৮৩টি যুদ্ধ সংঘটিত করলেন। অর্ধেকের বেশী সাহাবা কেন শহীদ হলেন? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে খুন, ধর্ষণ বা চুরিডাকাতির কারণে নয়, বরং মিথ্যা, জুলুম, দুর্বৃত্তি ও অন্যায়ের প্লাবন দেখেও নিষ্ক্রিয় থাকার কারণে অথবা রাজনীতিতে অপরাধীদের পক্ষ নেয়াতে। অপরাধ এখানে আমানতের খেয়ানতে। অথচ মিথ্যা, দুর্বৃত্তি ও অন্যায়ের নির্মূলে মহান রব’য়ের দেয়া দৈহিক, আর্থিক ও বুদ্ধিবৃত্তিক সামর্থ্যের বিনিয়োগ করলে দেশে অবশ্যই ইসলামী রাষ্ট্র নির্মিত হতো -যেমনটি নির্মিত হয়েছে নবীজী (সা:) ও তাঁর সাহাবাদের আমলে।
আলেমদের বিভ্রান্তি ও নাশকতা
পরিতাপের বিষয় হলো, দক্ষিণ এশিয়ার বহু আলেম -বিশেষ করে দেওবন্দী আলেমগণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে ভাবে না। তাদের আগ্রহ বেশী বেশী মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠা, বিশুদ্ধ কুর’আন পাঠ, কুর’আনের হিফজ, তাবলিগী কাজকর্ম ও সুফি তরিকা নিয়ে। এগুলি যেহেতু হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতেও পালন করা যায়, ফলে তারা মনে করেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না দিয়েও পূর্ণ ইসলাম পালন সম্ভব। এজন্যই তারা মহান রব’য়ের সার্বভৌমত্ব, শরিয়ার প্রতিষ্ঠা, অন্যায়ের নির্মূল এবং ন্যায়ের প্রতিষ্ঠা নিয়ে ভাবে না। দেওবন্দী আলেমদের সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ তাই ১৯৪৭ সালে কংগ্রেসের নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ হিন্দু শাসিত অখণ্ড ভারত প্রকল্পের পক্ষ নিয়েছিল এবং পাকিস্তান প্রতিষ্ঠার প্রবল বিরোধীতা করেছিল। দেওবন্দী আলেমগণ তখন ভারতীয় জাতীয়তাবাদের পতাকাবাহী হয়েছিল। ১৯৪৬ সালে আসামের সিলেট জেলায় যখন পাকিস্তানে যোগদানের প্রশ্নে গণভোট হয়, তখন দেওবন্দী আলেমগণ এবং তাদের নেতা হুসেন আহমেদ মাদানী সিলেট জেলাকে ভারতে রাখার পক্ষে তীব্র প্রচারণা চালায়। এমন কি পাকিস্তান যখন প্রতিষ্ঠা পেল, তখনও পাকিস্তানে বসবাসকারী দেওবন্দী আলেমগণ সে নতুন রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্রে পরিণত করা ও শক্তিশালী করার কোন চেষ্টায়ই করেনি। পাকিস্তান ভেঙে যাওয়ার পর জমিয়তে উলামায়ে হিন্দের তৎকালীন প্রধান মাওলানা আসাদ মদানী বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে প্রচার চালাতে আসতেন। কারণ, ভারত সরকারের প্রিয় সংগঠন হলো আওয়ামী লীগ; ফলে বাংলাদেশের সংসদীয় নির্বাচনে দিল্লির শাসকচক্র তাদের অনুগত এ দলটির বিজয় চাইতো। দেওবন্দী আলেমদের একটি গ্রুপ খুনি ফ্যাসিস্ট হাসিনাকে কওমি জননীও বলেছে এবং তার থেকে এম এ পাশের সার্টিফিকেট এবং আর্থিক ফায়দা নিয়েছে।
আফগানিস্তানের দেওবন্দীদের বিভ্রান্তিও কম নয়। তারা আজ আফগান জাতীয়তাবাদের পতাকাবাহী হয়েছে, ভারতের বন্ধু হয়েছে এবং পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। ইসলাম পালন বুঝতে দেওবন্দীগণ বুঝে নামাজ রোজা, হজ্জ যাকাত ও তাসবিহ তাহলিল। তাদের কাছে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক এবং মুফতি হওয়াকেই জীবনের বিশাল অর্জন মনে হয়। অথচ ইসলামী রাষ্ট্র নির্মিত না হওয়াতে তাদের বাঁচতে হচ্ছে পূর্ণ ইসলাম পালন না করেই। কারণ, মহান রব’য়ের সার্বভৌমত্ব, শরিয়া আইনের বিচার, দুর্বৃত্তির নির্মূল এবং সুবিচার প্রতিষ্ঠার জিহাদ তো মসজিদের জায়নামাজে ও মাদ্রাসার শ্রেণীকক্ষে পালন করা যায়না। সেজন্য অবশ্যই রাষ্ট্র ও তার বিশাল প্রশাসনিক, সামরিক, বৈচারিক অবকাঠামো লাগে। কিন্তু দেওবন্দীগণ ইসলামী রাষ্ট্র নির্মাণের জিহাদে নাই। তারা যে রাজনীতিতে নেই, সে কথাটিও তারা প্রকাশ্যে বলেন -যেমনটি মঞ্চে বসে বলেছিলেন হিফাজতে ইসলামের সাবেক আমীর মাওলানা আহমেদ শফি। অথচ নবীজী (সা:) রাজনীতির জিহাদে ছিলেন এবং ১০টি বছর রাষ্ট্র পরিচালনাও করেছেন। ফলে রাজনীতিতে না থাকলে নবীজী (সা:)’য়ের সূন্নত পালনের কাজটি কিরূপে সম্ভব?
মুনাফিকদের কাণ্ড
নবীজী (সা:)’য়ের আমলেও এমন কিছু লোক ছিল -যারা নামাজের আযানে লাব্বায়েক বলতো বটে, কিন্তু লাব্বায়েক বলতো না জিহাদের আযানে। ওহুদের যুদ্ধের সময় এরা ছিল আব্দুল্লাহ বিন উবাই এবং তার তিন শত সহচর। তাদেরকে মুনাফিক বলা হয়েছে। অথচ তারা নবীজী (সা:)’য়ের পিছনের নামাজ পড়েছে। মাহে রমযানের রোজাও রেখেছে। যাকাতও দিয়েছে। অথচ সে নামাজ, রোজা ও যাকাত তাদের মুসলিম বানাতে পারিনি। খোদ নবীজী (সা:)’য়ের আমলেই তারা মুনাফিকের খেতাব পেয়েছে। ঈমানদারদের উপর ফরজ শুধু হিংস্র পশু ও বিষাক্ত প্রাণীগুলিকে চেনা নয়, বরং এ ঘাতক মুনাফিকদের চেনাও। কারণ মুসলিম উম্মাহর বড় বড় ক্ষতিগুলি বনের হিংস্র প্রাণী বা পৌত্তলিক কাফির, খ্রিষ্টান ও ইহুদিদের হাতে হয়নি, বরং সেগুলি হয়েছে মুনাফিকদের হাতে। তারাই মুসলিমদের ঘরের শত্রু।
মুনাফিকদের নিয়ে পবিত্র কুর’আনে মহান আল্লাহর ঘোষণা:
إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرْكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ وَلَن تَجِدَ لَهُمْ نَصِيرًا
অর্থ: “নিঃসন্দেহে মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর আপনি তাদের জন্য কখনোই কোন সাহায্যকারী পাবেন না।” –(সুরা নিসা, আয়াত ১৪৫)।
মুনাফিকদের জন্য জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে বাসস্থান হওয়ার অর্থ, এটি হবে সবচেয়ে কঠোরতম আযাবের স্থান। কারণ, ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে মুনাফিকদের শত্রুতা ও নাশকতা কাফিরদের চেয়েও অধিক। বাংলাদেশের ন্যায় অধিকাংশ মুসলিম দেশে যারা আল্লাহ তায়ালার সার্বভৌমত্ব ও তাঁর শরিয়া আইনকে বিলুপ্ত করে রেখেছে এবং জাতীয়তাবাদ ও সেক্যুলারিজমের ন্যায় হারাম মতবাদকে বিজয়ী করেছে-তারা পৌত্তলিক কাফির নয়, বরং মুসলিম নামধারী মুনাফিক। এরাই মুসলিম উম্মাহকে ৫০টির বেশি রাষ্ট্রে বিভক্ত করে রেখেছে। আল্লাহ তায়ালা কোন মুসলিম দেশকে খণ্ডিত করা এবং মুসলিমদের মাঝে বিভক্তি গড়াকে হারাম করেছেন। অথচ মুসলিম দেশ ভাঙা ও বিভক্তি গড়া নিয়েই তাদের রাজনীতি। এরা নামাজ রোজা, হজ্জ যাকাত পালন করে। তাদের অনেকের দাড়ি টুপিও আছে। এরা ওয়াজের মাহফিলও করে। এরা স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের কথাও বলে। কিন্তু ইসলামের যে ভূ-রাজনৈতিক, বৈচারিক, আর্থ-সামাজিক, বুদ্ধিবৃত্তিক, শিক্ষা-সাংস্কতিক ভিশন ও মিশন রয়েছে -তার সাথে তারা কখনোই একাত্ম হয়না। এরাই প্রতিটি মুসলিম ভূমিতে ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠাকে অসম্ভব করে রেখেছে। এদের যুদ্ধ তাই আল্লাহর বিরুদ্ধে।
মুসলিমের মুখোশধারী এসব মুনাফিকগণ চায় না, মুসলিম উম্মাহ আবার ভাষা, বর্ণ ও আঞ্চলিকতার উর্দ্ধে উঠে একতাবদ্ধ হোক এবং প্রতিষ্ঠা পাক বিশ্বশক্তি রূপে। এবং চায় না, কোন মুসলিম দেশে প্রতিষ্ঠা পাক মহান আল্লাহ তায়ালার সার্বভৌমত্ব ও তাঁর শরিয়া আইন। বরং তাদের বিপুল আনন্দ ও উৎসব ভাষা, বর্ণ ও আঞ্চলিকতা ভিত্তিক মুসলিম উম্মাহর বিভক্তি নিয়ে। একারণেই মুসলিম উম্মাহর ভূগোল ভাঙার দিনগুলি তাদের কাছে অতি গর্বের। মুসলিম কখনো কাফিরদের সাথে মিতালী গড়ে না। তাদের অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে তাদের কম্যান্ডের অধীনের যুদ্ধ করে না। কারণ, সেটি হারাম। একাজ মুনাফিকদের। মুনাফিকদের রাজনীতির মূল এজেন্ডা হলো, মুসলিম বিশ্ব জুড়ে ভূ-রাজনৈতিক বিভক্তি প্রতিষ্ঠা দেয়া এবং সে বিভক্তিকে বাঁচিয়ে রাখা। সে লক্ষ্য অর্জনে এমন কি তারা কাফির শক্তির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতেও রাজী। প্রথম বিশ্বযুদ্ধ কালে এসব মুনাফিকদের দেখা গেছে ইংরেজ ও ফরাসী কাফিরদের সাথে কোয়ালিশন গড়ে উসমানিয়া খেলাফত ভেঙে ২২টি আরব রাষ্ট্রের নির্মাণে। ১৯৪৮ সালে মুসলিম উম্মাহর হৃৎপিন্ডের উপর ইসরাইলের প্রতিষ্ঠা বস্তুত সে বিভক্তিরই ফসল। ১৯৭১’য়ে বাংলার মাটিতে তাদের দেখা গেছে হিন্দুত্ববাদী ভারতের সাথে জোট বেঁধে তৎকালীন বিশ্বের সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র পাকিস্তানকে খণ্ডিত করতে। তাদের বেঈমানী দৃশ্যমান হয় মুসলিম উম্মাহর বিভক্তি ও শক্তিহানীর রাজনীতি দেখে। অথচ আল্লাহ তায়ালা শুধু চুরি ডাকাতি, খুন, ধর্ষণকেই হারাম করেননি, হারাম করেছেন মুসলিম উম্মাহর বিভক্তি। মুসলিম উম্মাহর বিভক্তির এজেন্ডা মাত্রই তাই শয়তানের এজেন্ডা। ১৯৭১’য়ের পাকিস্তানের বিভক্তি নিয়ে শয়তানের পৌত্তলিক খলিফাদের তাই এতো বিজয় উৎসব।
ব্যর্থতা যেখানে লাব্বায়েক বলায়, নিশ্চিত ব্যর্থতা সেখানে ইসলামী রাষ্ট্রের নির্মাণে
শাসক শক্তি দুর্বৃত্ত ও স্বৈরাচারী হলে ঘরে ঘরে দুর্বৃত্ত ও স্বৈরাচারী উৎপাদিত হয়। তারা শুধু রাজনীতি ও প্রশাসনে দুর্বৃত্তায়ন ঘটায় না; দুর্বৃত্তায়নের সে কাণ্ডটি ঘটে দেশবাসীর সংস্কৃতিতেও। তখন প্রতিষ্ঠা পায় শয়তানের ডাকে লাব্বায়েক বলার সংস্কৃতি। তখন প্লাবন আসে দুর্বৃত্তির। শেখ মুজিব ও শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে সেটিই বেশি বেশি হয়েছে। বিশাল গাছ ঝড়ে ভেঙে গেলেও মাটির গভীরে তার শিকড় থেকে যায়। সেখানে নতুন গাছ জন্মাতে হলে শিকড়ের নির্মূল করতে হয়। তেমনটি হতে হয় স্বৈরশাসনের নির্মূলেও। কারণ স্বৈর শাসকেরাও সমাজের গভীরে শিকড় ছড়িয়ে দেয়। সে শিকড় নির্মূলের কাজটি ইসলামে জিহাদ। মুমিনের দায়, সে জিহাদে লাব্বায়েক বলা। রাজনৈতিক বিজয়ের পর তাই বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক বিপ্লব আনতে হয়। এ বিপ্লবের লক্ষ্য কুফিরীর শিকড় নির্মূল। নির্মূলের সে কাজটি না হলে সে ভূমিতে কখনো ইসলামী রাষ্ট্র নির্মিত হয়না। কিন্তু বাংলাদেশে সে কাজটি কোন কালেই হয়নি। শেখ হাসিনা উৎখাত হলেও তার সৃষ্ট দুর্বৃত্ত স্বৈরাচারীগণ বিপুল সংখ্যায় রয়ে গেছে দেশের সামরিক ও বেসামরিক প্রশাসনে। এদের আশ্রয়ে ও প্রশ্রয়ে দেশ জুড়ে চলছে চাঁদাবাজী, দখলবাজী, সূদ, ঘুষ, গুম, খুন, ধর্ষণ, চুরিডাকাতি, ভোট ডাকাতি, ব্যাংক ডাকাতির ন্যায় নানাবিধ অপরাধের জোয়ার। ইসলামী রাষ্ট্র নির্মাণের পথে এরাই হলো সবচেয়ে বড় বাধা।
মহান আল্লাহ তায়ালা চান, তাঁর নিজের জমিনে প্রতিষ্ঠা পাক তাঁর নিজের সার্বভৌমত্ব ও নিজের শরিয়া আইন। চান, দুর্বৃত্তির নির্মূল ও সুবিচারের প্রতিষ্ঠা। এবং চান, নির্মিত হোক জান্নাতের পথে চলার সিরাতাল মুস্তাকীম। সেটিই হলো, মানব জাতিকে নিয়ে মহান আল্লাহ তায়ালার মূল এজেন্ডা। সে এজেন্ডাকে বিজয়ী করার কাজে প্রতিটি ঈমানদার হলো তাঁর খলিফা বা সৈনিক। তিনি চান, প্রতিটি ঈমানদারের মাঝে সৃষ্টি হোক খেলাফতের দায়িত্ব পালনে সর্বাবস্থায় লাব্বায়েক বলার সামর্থ্য। সে সামর্থ্য সৃষ্টি করার লক্ষ্যেই নামাজ রোজা, হজ্জ যাকাত, কুর’আন পাঠ ও দোয়া দরুদের ন্যায় প্রতিদিনের প্রশিক্ষণ কার্যক্রম। মহান রব’য়ের ডাকে লাব্বায়েক বলার সংস্কৃতি নির্মিত না হলে সমাজ বিপ্লব এবং ইসলামী রাষ্ট্র নির্মাণের কাজটি হয়না। বস্তুত ইসলামী রাষ্ট্র কাজ করে জান্নাতের বাহন রূপে। তাই সেরূপ একটি রাষ্ট্র নির্মিত না হলে ব্যহত হয় মহান রবের মানব সন্তানদের জান্নাতে নেয়ার প্রকল্প। বস্তুত নামাজ রোজা, হজ্জ যাকাত, কুর’আন তেলাওয়াত ইত্যাদি ইবাদতের প্রশিক্ষণের মধ্য দিয়ে একজন ঈমানদার কতটুকু তাকওয়া অর্জন করলো এবং কতটুকু সৃষ্টি হলো আল্লাহর ডাকে লাব্বায়েক বলার সামর্থ্য -তারই প্রাকটিকাল পরীক্ষা হয় ইসলামী রাষ্ট্র নির্মাণের জিহাদে। সে প্রাকটিকাল পরীক্ষায় যারা পাশ করে তারাই পায় জান্নাত। নবীজী (সা:)’য়ের আমলে ঈমান এনেও যারা জিহাদ থেকে দূরে থেকেছে, তাদেরকে মুনাফিক বলা হয়েছে।
মসজিদে ৫ ওয়াক্ত জামায়াতে নামাজ আদায়ের মধ্য দিয়ে নামাজীর জীবনে গড়ে উঠে আল্লাহ তায়ালার হুকুমের প্রতিদিন ৫ বার লাব্বায়েক তথা “আমি হাজির” বলার সামর্থ্য। যাকাত গড়ে অর্থ কুরবানীর অভ্যাস। রোজা দেয় ক্ষুধা ও পীপাসা সহ্যের সামর্থ্য – যা ঈমানদারের প্রতিটি লড়াইয়ে নিত্য সহচর। হজ্জ দেয় বিপুল অর্থ ও কষ্ট স্বীকার করে বহু শত বা বহু হাজার মাইল দূরে গিয়ে আল্লাহুর হুকুমে ‘লাব্বায়েক’ বলার সামর্থ্য। ইসলাম চায়, এরূপ লাব্বায়েক বলা মু’মিনের জীবনে আমৃত্যু অভ্যাসে পরিণত হোক। নামাজ, রোজা, হজ্জ ও যাকাতের মধ্য দিয়ে একজন ঈমানদারকে যা প্রশিক্ষণ দেয়া হয় - তার সব কিছুর একত্রে প্রকাশ ঘটে জিহাদে। জিহাদে পেশ করতে হয় অর্থ, শ্রম, সময়, মেধা ও রক্তের কুরবানী। জিহাদের ডাকে লাব্বায়েক বলতে হয় সমগ্র সামর্থ্য দিয়ে।
মুসলিম হওয়ার অর্থ হলো প্রতি মুহুর্ত লাব্বায়েক বলার সংস্কৃতি নিয়ে বাঁচা। তাই হাজী হওয়ার অর্থ শুধু হজ্জ মওসুমে মক্কায় গিয়ে লাব্বায়েক বলা নয়, বরং সেটি হলো আজীবন মহান আল্লাহ তায়ালার প্রতিটি হুকুমে লাব্বায়েক বলা। এমন লাব্বায়েক বলাই ছিল মুসলিম উম্মাহর আদি পিতা হযরত ইব্রাহীম (আ:)’র সূন্নত। তাই যখন হুকুম এসেছে জন্মস্থান ছেড়ে হিজরতের, তাতে তিনি স্বতঃস্ফূর্ত লাব্বায়েক বলেছেন। যখন হুকুম এসেছে স্ত্রী ও শিশুপুত্র ইসমাইলকে জন মানব শূন্য ও খাদ্য পানীয় শূন্য মক্কাতে ছেড়ে আসার- তখনও তিনি লাব্বায়েক বলেছেন। যখন বৃদ্ধ বয়সে হুকুম এসেছে শিশুপুত্র ইসমাইলের কুরবানীর -তখনও তিনি লাব্বায়েক বলেছেন। ঈমানের প্রতিটি পরীক্ষায় তিনি পাশ করেছেন সর্বোচ্চ নাম্বার নিয়ে। হযরত ইব্রাহীম (আ:) হলেন মুসলিম উম্মাহর আদি পিতা। মহান রব চান, প্রতিটি মুসলিম বাঁচুক তাদের আদি পিতার লাব্বায়েক বলার সূন্নত নিয়ে। যারা পদে পদে এভাবে আল্লাহর হুকুমে লাব্বায়েক বলে, তাদের জন্য সহজ হয়ে যায় ইসলামী রাষ্ট্র নির্মাণের জিহাদে লাব্বায়েক বলাও। ইসলামী রাষ্ট্র নির্মাণের জিহাদে লাব্বায়েক বলতে গিয়ে নবীজী (সা:)’য়ের অর্ধেকের বেশি সাহাবা শহীদ হয়ে গেছেন। অথচ আজকের চিত্রটা ভিন্ন। মুসলিমদের মাঝে বিপুল সংখ্যায় নামাজী, রোজাদার, হাজী, তাবলিগী, পীর, আলেম ও আল্লামা থাকলেও এমন মানুষের দারুন অভাব -যারা সামর্থ্য রাখে মহান রব’য়ের হুকুমে জিহাদে লাব্বায়েক বলার। এমন খালেছ ঈমানদারের অভাবে কোথাও নির্মিত হচ্ছে না ইসলামী রাষ্ট্র।
মুসলিম শব্দের অর্থ, মহান আল্লাহ তায়ালার প্রতিটি হুকুমের প্রতি আত্মসমর্পণ নিয়ে বাঁচা। সমগ্র মানব জাতির সামনে হযরত ইব্রাহীম (আ:) হলেন আত্মসমর্পণের সর্বোত্তম মডেল। “মুসলিম” উপাধিটিও হযরত ইব্রাহীম (আ:)’র দেয়া -যা সমর্থন পেয়েছে মহান আল্লাহ তায়ালারও। প্রতি বছর মুসলিম জীবনে হজ্জ ও ঈদুল আযহা আসে হযরত ইব্রাহীম (আ:)’য়ের লাব্বায়েক বলার আদর্শকে বলবান করতে। বস্তুত দ্বীনে ইব্রাহীম তথা ইসলাম হলো মহান আল্লাহ তায়ালার প্রতিটি হুকুমে লাব্বায়েক বলার ধর্ম। নামাজ রোজা ও হজ্জ যাকাত পালনের মতই লাব্বায়েক বল হতে হয় “ন্যায়ের প্রতিষ্ঠা ও অন্যায়ের নির্মূল”য়ের হুকুম পালনে। অপর দিকে কুফুরি হলো তার হুকুমের বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে বাঁচা। এরূপ বিদ্রোহ নিয়ে বাঁচাই শয়তানের ধর্ম -যা মানুষকে কাফির বানায়।
পরম পরিতাপের বিষয় হলো, অধিকাংশ মুসলিমের জীবন থেকে বিলুপ্ত হয়েছে মহান আল্লাহ তায়ালার হুকুমে লাব্বায়েক বলার তাড়না। বরং বাঁচছে বিদ্রোহ নিয়ে। সে বিদ্রোহের নমুনা হলো, দেশের শাসনতন্ত্রে তারা প্রতিষ্ঠা দিয়েছে মহান আল্লাহ তায়ালার সার্বভৌমত্বের বদলে নিজেদের সার্বভৌমত্ব। আদালতে প্রতিষ্ঠা দিয়েছে শরিয়া আইনের বদলে নিজেদের বা কাফিরদের প্রণীত আইন। দেশের স্কুল-কলেজ থেকে বিলুপ্ত করেছে কুর’আন-হাদীস শিক্ষা এবং নবীজী (সা:)’য়ের জীবনী। এভাবে মুসলিম নাম ধারণ করে মহান আল্লাহ তায়ালার সৃষ্ট ভূমিতে বাড়িয়েছে তাঁর দ্বীনের পরাজয় এবং শয়তানের বিজয়। অপরাধ এখানে বিদ্রোহ ও গাদ্দারীর। পরিতাপের বিষয় হলো, এরূপ বিদ্রোহ ও গাদ্দারী নিয়ে বাঁচাই অধিকাংশ মুসলিম রাষ্ট্রের জনগণের রাজনীতি, বুদ্ধিবৃত্তি ও সংস্কৃতি পরিণত হয়েছে। আর তাতে ব্যর্থ হয়ে যাচ্ছে ইসলামী রাষ্ট্রের নির্মাণ। এবং এভাবেই প্রকট ভাবে দৃশ্যমান হচ্ছে মুসলিমদের ঈমানী ব্যর্থতা। ১০/১১/২০২৬