বেরোবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পালিত হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের (এমসিজে) দিনব্যাপী ‘এমসিজে উৎসব ২০২৬’।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াদ মামুদ ভবনের সামনে থেকে শুরু হয়ে মিডিয়া চত্বর ও বিজয় সড়ক প্রদক্ষিণ করে ক্যাফেটেরিয়া গিয়ে শেষ হয়।
পরে ক্যাফেটেরিয়ায় উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। এতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ ছাড়া বিকেলে নবীনবরণ, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
দিবসটি উপলক্ষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান বলেন, “বিভাগের শিক্ষার্থীদের ক্লান্তি দূর করে ক্যারিয়ার ও বিনোদনের সমন্বয়ে দিনব্যাপী এমসিজে উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের ব্যস্ত একাডেমিক জীবনের বাইরে কিছুটা আনন্দ ও রিফ্রেশমেন্ট দেওয়ার পাশাপাশি ক্যারিয়ার এবং উচ্চশিক্ষা বিষয়ে দিকনির্দেশনা দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।”
বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দিন সুমন বলেন, “এমসিজে উৎসব ২০২৬-এ উপস্থিত হতে পেরে ভালো লাগছে। এখানে একঝাঁক তরুণ প্রাণ রয়েছে, যারা আগামীতে সাংবাদিকতায় আসবে। ডিজিটাল মাধ্যমের জন্য নিজেদের প্রস্তুত করতে পারলে তাদের ক্যারিয়ার আরও ভালো হবে বলে মনে করি।”
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. নজরুল ইসলাম বলেন, “শুধু একাডেমিক জ্ঞান অর্জনই নয়, ব্যবহারিক জীবনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোতেও জ্ঞান অর্জন করতে হবে। একাডেমিক জ্ঞানের পাশাপাশি এসব বিষয়ে দক্ষতা অর্জন করতে পারলে তারা পেশাগত জীবনে ভালো করবে।”