চব্বিশের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রাজধানীর গুলশানে ‘৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর জাতীয় পর্বের ট্যাব রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩১ জুলাই) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিভাগের উদ্যোগে আয়োজিত এ ট্যাব রাউন্ড অনুষ্ঠিত হয়। দেশব্যাপী অনুষ্ঠিত আঞ্চলিক পর্বের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ৩২টি দলের অংশগ্রহণে জাতীয় পর্বের এ ধাপ সম্পন্ন হয়।
কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাছির মোহাম্মদ ত্বহার পরিচালনায় অনুষ্ঠিত জাতীয় পর্বের এ রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।
বাংলা এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে আয়োজিত এ প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে সারাদেশকে ১৬টি অঞ্চলে ভাগ করা হয়। প্রতিটি অঞ্চল থেকে ১৬টি করে দল নকআউট পদ্ধতিতে এতে অংশ নেয়। এসব দলের মধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রাতিষ্ঠানিক ও জেলাভিত্তিক স্বতন্ত্র বিতর্ক ক্লাব ছিল। আঞ্চলিক পর্ব শেষে ১৬টি অঞ্চলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ মোট ৩২টি দল জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।
আগামী ২ আগস্ট চূড়ান্ত পর্ব ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ‘৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলসহ সেরা বিতার্কিক, ফাইনালের সেরা বিতার্কিক এবং সেমিফাইনালে অংশগ্রহণকারী দলগুলোর জন্য নগদ অর্থ, স্মারক ও সনদ প্রদান করা হবে।