এমএম রহমাতুল্লাহ: পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন। মানববন্ধনে বক্তারা ভারতে মুসলিম, খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তা বন্ধে ভারত সরকারের প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার (১৪ জুলাই) আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য দেন স্যার নবাব সলিমুল্লাহ একাডেমির মহাসচিব ড. হেলাল উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করছে। রাষ্ট্র ও সমাজে সব নাগরিক সমান মর্যাদা ভোগ করেন এবং প্রত্যেকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকার ভোগ করেন।
ড. হেলাল উদ্দিন অভিযোগ করেন, ভারতে মুসলমানসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর মুসলমানদের ওপর নির্যাতন বেড়েছে এবং খ্রিষ্টান চার্চেও হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনার নিন্দা জানিয়ে তিনি মুসলমানসহ সব ধর্মীয় সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধে ভারত সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কষ্টা। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এমপি এবং বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার।
তেজগাঁও শাখার সভাপতি স্বপন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে আরও বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ফা. এলবার্ট টমাস রোজারিও, রেভারেন্ড ডেভিড ঘোষ, পবিত্র প্রামানিক ও জাকশন গমেজ।
এ সময় উপস্থিত ছিলেন স্যার নবাব সলিমুল্লাহ একাডেমির প্রেসিডেন্ট আব্দুল জব্বার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা।