• ঢাকা |

বরিশালে বিএনপি নেতার জামায়াতে যোগদান


নিউজ প্রকাশের তারিখ : ৫ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোহাম্মদ ইউসুফ, বরিশাল: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি।

মো. আলমগীর হোসেন ২০১১ সালে অনুষ্ঠিত বানারীপাড়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বানারীপাড়ায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বারের উপস্থিতিতে তিনি বিএনপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এ সময় তাকে জামায়াতের সাংগঠনিক ও ধর্মীয় গ্রন্থ উপহার দেওয়া হয়।

যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বানারীপাড়া উপজেলা জামায়াতের আমীর খলিলুর রহমান শাহাদাত, সেক্রেটারি হাফেজ সৈয়দ মোকাম্মেল হোসেন মোজাম্মেল, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল, সলিয়াবাকপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসাইন, সেক্রেটারি মাস্টার মজিবুর রহমান মিজান ও সাবেক অর্থ সম্পাদক মোঃ সাদেক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যোগদানকালে বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার মিষ্টিমুখ করিয়ে মোঃ আলমগীর হোসেনকে দলে স্বাগত জানান। এসময় মো. আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। যোগদান প্রসঙ্গে মোঃ আলমগীর হোসেন বলেন, জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি যোগদান করেছেন।