শামীম রহমান, রাজশাহী ব্যুরো: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংশোধনী নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সহিংসতার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ। এ লক্ষ্যে সরকারের প্রস্তুতি অত্যন্ত ভালো।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ফলে নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা নেই।
তিনি আরও জানান, নির্বাচনে দায়িত্ব পালনে থাকবেন প্রায় ১ লাখ সেনাসদস্য, ৫ হাজার নৌবাহিনী, সাড়ে ৩ হাজার বিমানবাহিনী, ৩৭ হাজার বিজিবি সদস্য, সাড়ে ৪ হাজার কোস্ট গার্ড, দেড় লাখ পুলিশ, ৯ হাজার র্যাব এবং প্রায় ৫ লাখ আনসার সদস্য।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। মব ভায়োলেন্সের কোনো আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে, রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভাগীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। সভায় নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।