মোহাম্মদ ইউসুফ, বরিশাল: গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে শনিবার (১ আগস্ট) নগরীতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল মহানগর জামায়াতের আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
সমাবেশে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশের মানুষ বৈষম্যহীন, কল্যাণমুখী ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করেছিল। কিন্তু জনগণের সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, জনগণের গণরায় দ্রুত বাস্তবায়ন, রাষ্ট্রের মৌলিক সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে এবং জনগণের মতামত ও বিরোধী রাজনৈতিক দলগুলোর গঠনমূলক পরামর্শ বিবেচনায় নিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করতে হবে। জনগণের রায় উপেক্ষা করে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে টেকসই হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জুলাই সনদের প্রতিটি ধারা বাস্তবায়নের বিকল্প নেই।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার। এছাড়া বক্তব্য দেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান ও মুহাম্মদ আতিকুল্লাহ, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান ও শামীম কবির এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি আতিকুল ইসলাম।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা শফিউল্লাহ তালুকদার, কাউনিয়া থানা আমির মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, ছাত্রশিবিরের বরিশাল জেলা সভাপতি সাইয়েদ আহমেদসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চলমান রাজনৈতিক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশ শেষে টাউন হল চত্বর থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি নগরীর সদর রোড, ফজলুল হক অ্যাভিনিউ, গির্জা মহল্লা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল চত্বরে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা তাদের দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।