• ঢাকা |

সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ ইস্যুতে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে স্পট মিটিং


নিউজ প্রকাশের তারিখ : ৬ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

কল্লোল আহমেদ, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি কিশোরকে লক্ষ্য করে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে স্পট মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৬ এপ্রিল ২০২৬) বাংলাদেশ সময় ১৪২০ ঘটিকা থেকে ১৪৩২ ঘটিকা পর্যন্ত তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধীন ধবলসূতি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্ত মেইন পিলার ৮৮৭/৫-এস থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রহমতপুর (গাটিয়ারভিটা) এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম এবং তার সঙ্গে একজন স্টাফ অফিসার উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৯৮ ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্ট শ্রী সুনীল কুমার, তার সঙ্গে উপস্থিত ছিলেন দুইজন স্টাফ অফিসার।

বৈঠকে বিজিবি কমান্ডার একইদিন সকাল ১০টায় সীমান্ত পিলার ৮২৬/এমপি ও ৮২৬/১-এস এর মধ্যবর্তী শূন্য লাইন বরাবর গৌমতি বিএসএফ ক্যাম্পের সদস্য কর্তৃক বাংলাদেশি নাগরিক মোঃ মিজান হোসেন (১৭), পিতা-মফিজুল ইসলাম, গ্রাম-রহমতপুর (গাটিয়ারভিটা), থানা-পাটগ্রাম, জেলা-লালমনিরহাটকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার বিষয়ে জবাব চান।

জবাবে বিএসএফ কমান্ড্যান্ট ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং জানান, বিষয়টি তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় উভয় পক্ষ সীমান্তে যেন পুনরায় এ ধরনের গুলিবর্ষণের ঘটনা না ঘটে সে বিষয়ে গুরুত্বারোপ করেন। বিজিবি অধিনায়ক এ ঘটনায় আনুষ্ঠানিক প্রটেস্ট নোট পাঠানো হচ্ছে বলে জানান এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সতর্ক থাকার আহ্বান জানান।

পাশাপাশি সীমান্তে যে কোনো সমস্যা দ্রুত সমাধানের জন্য উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সময়মতো তথ্য আদান-প্রদানের মাধ্যমে সমন্বয় জোরদারের ব্যাপারেও উভয় পক্ষ একমত পোষণ করেন।