জাকির ফরাজী: ডেঙ্গু প্রতিরোধে সরকার ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা হাসপাতালের চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) পিরোজপুর পৌরসভা ও সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান ও পৌর প্রশাসক মো. মাহামুদুর রহমান মামুন। এ সময় জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নিজাম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবী সংগঠন পজেটিভ পিরোজপুর, বিডি ক্লিন, এমিনেন্ট বয়েজ ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। পাশাপাশি দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, পরিচালক গাজী কামরুজ্জামান শুভ্র এবং জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
অভিযানে হাসপাতালের চারপাশের ময়লা-আবর্জনা অপসারণ, জমে থাকা পানি ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিতে হবে। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।
উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে পিরোজপুরে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চলছে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার জেলার বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনার কথা রয়েছে।
পরিচ্ছন্ন পিরোজপুর গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের তরুণরা নিয়মিতভাবে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন।