মনছুর আলম: পাবনার স্থানীয় জনপ্রিয় পত্রিকা দৈনিক সিনসা-এর ২১ বছরে পদার্পণ উপলক্ষে মহা ধুমধামে কবিতা পাঠ, আলোচনা সভা, গুণীজন সম্মাননা এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১০টা থেকে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আমাদের শুধু পাবনাকে নয়, সমগ্র বাংলাদেশকে দেখার মানসিকতা গড়ে তুলতে হবে। একসময় বাংলাদেশ বিশ্বের অন্যতম সমৃদ্ধ জনপদ ছিল। ইতিহাসের বিভিন্ন সময়ে আমাদের ভূখণ্ডের বহু অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। ত্রিপুরা, আসাম, মেঘালয়, বার্মার আরাকান, পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নিয়ে একসময় বেঙ্গল প্রেসিডেন্সি গঠিত ছিল। আজ সেগুলো আলাদা হলেও আমাদের এই জনপদের ঐতিহ্য, সংস্কৃতি ও সমৃদ্ধ ইতিহাস বিশ্বে অনন্য।
তিনি বলেন, মসলিন শিল্প, জাহাজ নির্মাণ, কৃষি উৎপাদন, অর্থনীতি, সংস্কৃতি ও প্রাকৃতিক সম্পদে এ অঞ্চল একসময় বিশ্বের শীর্ষস্থানীয় ছিল। দীর্ঘ প্রায় ৩০০ বছর আমরা বঞ্চনার ইতিহাস বহন করেছি। এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর, অতীতের গৌরব, সম্মান ও মর্যাদা পুনরুদ্ধার করার।
তিনি আরও বলেন, সেই লক্ষ্য অর্জনে দেশাত্মবোধ, জাতীয়তাবোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লেখনী, কবি-সাহিত্যিক ও সাংবাদিকরাই সমাজে এই চেতনা জাগিয়ে তুলতে পারেন। বর্তমান সময়ে তাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে দেশাত্মবোধ জাগ্রত করা এবং মানবতার জয়গান গাওয়া।
এমপি শিমুল বিশ্বাস বলেন, একটি জনপদ যখন মানবতার পক্ষে দৃঢ় অবস্থান নেয়, তখন তাকে কেউ পরাজিত করতে পারে না। সমাজে কোনো ধরনের বিভক্তি সৃষ্টি হতে দেওয়া যাবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি ও সমতলের মানুষ—সবাই মিলে আমাদের দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। সবার আগে মানবতা—এই চেতনাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। সংবাদপত্র ও সাংবাদিকরা মানবতার বার্তাবাহক হিসেবে তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "আমি প্রেসক্লাবের প্রতিটি কর্মকাণ্ডে আন্তরিকভাবে সহযোগিতা করি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। প্রেসক্লাবের সদস্যরা সমাজের কল্যাণমূলক কাজে সবাইকে উদ্বুদ্ধ করবেন—এটাই আমার প্রত্যাশা।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক জহুরুল ইসলাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম, সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আক্তারুজ্জামান এবং রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা।
অনুষ্ঠানের শুরুতে পাবনার প্রয়াত তিন কবি—কবি ইদ্রিস আলী, কবি আলতাফ হোসেন ও কবি আজাদ এহতেশামের আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার প্রায় দেড় শতাধিক কবি, সাহিত্যিক, শিক্ষক, নদী ও পরিবেশ কর্মী, সাংবাদিক।
সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন পত্রিকার সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম এবং সাহিত্য সম্পাদক ও নদী গবেষক ড. মনছুর আলম।