• ঢাকা |

সাঁথিয়ায় চিকনাই-সুতিখালী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ৭ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মনছুর আলম, পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি নতুনপাড়া ও বারোআনী ব্রিজ সংলগ্ন  চিকনাই-সুতিখালী নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার চূড়ান্ত (ফাইনাল) খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতিকে ধরে রাখতে এবং গ্রামীণ মানুষকে অনাবিল আনন্দ দিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে বন্যাকান্দী নিউ একতা চ্যালেঞ্জার এবং রানারআপ হয়েছে চান্দাই জনতা এক্সপ্রেস।  

ফাইনাল প্রতিযোগিতায় ধুলাউড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  মো. আরশেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ৬৮, পাবনা-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, সাবেক ভিপি শামসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান পিপিএম, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদ। 

ডিডিও বার্তায় আয়োজক কমিটিকে শুভেচ্ছা জানান,  প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহ। 

প্রধান অতিথির বক্তব্যে ভিপি শামসুর রহমান বলেন, "নৌকা বাইচ আমাদের বাঙালি সংস্কৃতির এক প্রাচীন ও গৌরবময় ঐতিহ্য। গ্রামীণ যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদন দিতে এই ধরনের ঐতিহ্যবাহী খেলার আয়োজন বারবার করা প্রয়োজন।" তিনি এই সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটি এবং এলাকাবাসীকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রতিযোগিতার বিচারক মণ্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলগুলোর মাঝে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।

নৌকা বাইচের চূড়ান্ত প্রতিযোগিতাকে কেন্দ্র করে চিকনাই-সুতিখাখী নদীর দু-পাড়ে ঢল নেমেছিল হাজারো উৎসবমুখর মানুষের। আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা হরেক রকমের নৌকার টান এবং কাঁসা-করতালের ছন্দে ছন্দে মাঝিমাল্লাদের জোরালো কণ্ঠের সারি গান পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।