এমএম রহমাতুল্লাহ: স্বৈরাচারের স্বৈরাচার হওয়ার খায়েশ জাগলে, জনগণের স্বৈরাচার তাড়ানোর খায়েশ জাগবে”— সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচনে ‘সবুজ প্যানেল’-এর প্রার্থী পরিচিতি সভায় এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি।
রবিবার রাতে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা হলরুমে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল ‘সবুজ প্যানেল’-এর প্রার্থী পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, “ক্ষমতায় বসার মাত্র দুই মাসের মাথায় সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের পথে হাঁটা শুরু করেছে। সরকার হয়তো ভুলে গেছে কীভাবে ক্ষমতায় বসেছে। যেই ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে সরকার ক্ষমতায় বসেছে, সেই ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেঈমানীর শামিল হচ্ছে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করা।”
তিনি অভিযোগ করেন, সরকার মুখে জুলাই সনদ অক্ষরে-অক্ষরে পালনের কথা বললেও বাস্তবতায় তার কোনো মিল নেই। “যদি সরকার জুলাই সনদ অক্ষরে-অক্ষরে পালনই করে, তবে কেন সরকার দলীয় সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি?” প্রশ্ন তোলেন তিনি।
সরকারের এক মন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, “সরকারের এক মন্ত্রী সবজান্তা। তিনি প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলেন, আইনমন্ত্রীর পক্ষে কথা বলেন, স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে কথা বলেন। মনে হয় তিনিই এককভাবে সরকার পরিচালনা করছেন। আর ঐ মন্ত্রী সবাইকে সংবিধানের সবক দিচ্ছেন। তিনি মনে করেন তিনি ছাড়া আর কেউ আইন বুঝে না, সংবিধান বুঝে না।”
এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, “সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত হলেও আদালতের ঘাড়ে বন্দুক রেখে জামায়াতে ইসলামীর ওপর সর্বোচ্চ অবিচার করা হয়েছে। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে বিচারিক হত্যা করা হয়েছে।” বিচারের নামে অবিচারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে আইনজীবীদের ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সবুজ প্যানেলকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।
সবুজ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এডভোকেট মো. ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মো. জসীম উদ্দীন সরকার, সেক্রেটারি জেনারেল এডভোকেট মো. মতিউর রহমান আকন্দ এবং কাউন্সিলের উপদেষ্টা ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।
এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট শাখা সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন মিঠু, সবুজ প্যানেলের সভাপতি পদপ্রার্থী এডভোকেট আব্দুল বাতেন, সেক্রেটারি পদপ্রার্থী এডভোকেট এ.কে.এম রেজাউল করিম খন্দকার, সহকারী সেক্রেটারি পদপ্রার্থী ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট ড. হেলাল উদ্দিনসহ অনেকে।
সভায় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের প্রধান উপদেষ্টা এটিএম আজহারুল ইসলাম এমপি সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচন ২০২৬-২৭ এ ‘সবুজ প্যানেল’-এর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত প্রার্থীরা হলেন:
- সভাপতি: আব্দুল বাতেন, ব্যালট নং-০২
- সহ-সভাপতি: মো. আব্দুল হক, ব্যালট নং-০১
- সহ-সভাপতি: মাঈন উদ্দিন ফারুকী, ব্যালট নং-০৪
- সেক্রেটারি: এ.কে.এম রেজাউল করিম খন্দকার, ব্যালট নং-০১
- সহকারী সেক্রেটারি: মো. তরিকুল ইসলাম, ব্যালট নং-০২
- সহকারী সেক্রেটারি: জুবায়ের আহমেদ ভূঁইয়া, ব্যালট নং-০৫
- ট্রেজারার: এস.এম জাহাঙ্গীর আলম, ব্যালট নং-০২
- সদস্য: আজিম উদ্দিন পাটোয়ারী, ব্যালট নং-০৩; ফারজানা খানম, ব্যালট নং-০৪; ইসরাত জাহান অনি, ব্যালট নং-০৬; মাহমুদুল হাসান, ব্যালট নং-০৮; মো. ফয়জুল্লাহ, ব্যালট নং-১০; মো. জুবায়ের তৈয়ব, ব্যালট নং-১১; মোহাম্মদ নাজিম উদ্দীন লিঙ্কন, ব্যালট নং-১৬।