• ঢাকা |

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার


নিউজ প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ দলীয় ঐক্যের সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমাদানের সময় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি আলমগীর হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি কফিলউদ্দিন আহমেদ, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সদস্য সচিব খলিলুর রহমান, খেলাফত মজলিসের জেলা দায়িত্বশীল মাওলানা রফিকুল ইসলাম, জাগপা জেলা সভাপতি জালাল হোসাইন এবং ইসলামী ছাত্রশিবিরের ঠাকুরগাঁও জেলা সভাপতি আনিস আহমেদসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে জেলা জামায়াতের উদ্যোগে একটি দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দেলাওয়ার হোসেন। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সভায় ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দের পাশাপাশি ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতারা অংশ নেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দেলাওয়ার হোসেনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ শুরু হলো। এখন মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের পর নির্বাচনী মাঠে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার চিত্র স্পষ্ট হবে।