নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও-১ আসনের আগামী ২৯ অক্টোবরের উপনির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সরকারে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি বলেছেন, গণভোটের গণরায় অস্বীকারসহ সরকারের বিভিন্ন জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে এ নির্বাচনে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে।
তিনি দাবি করেন, ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী, সাবেক ছাত্রনেতা ও সাবেক ছাত্রশিবির সভাপতি মো. দেলাওয়ার হোসেনের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ইতোমধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের ১০টি ইউনিয়নে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ ও সভায় বক্তব্য দিতে গিয়ে মাওলানা আবদুল হালিম এসব কথা বলেন। ইউনিয়নগুলো হলো—জগন্নাথপুর, বেগুনবাড়ী, নারগুন, মোহাম্মদপুর, জামালপুর, রায়পুর, চিলারং, রহিমানপুর, আকচা ও সালন্দর।
নির্বাচনে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে জামায়াতের এই নেতা বলেন, ভোটকেন্দ্রে অনিয়ম ও ভোট চুরি প্রতিরোধে দলের নেতা-কর্মীরা সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে যথাযথ ভূমিকা পালন করবেন। কোনো ধরনের কারচুপি, নির্বাচন প্রকৌশল বা ভোট ডাকাতি ঠাকুরগাঁও-১ আসনের জনগণ মেনে নেবে না বলেও তিনি মন্তব্য করেন।
বিএনপির সমালোচনা করে মাওলানা আবদুল হালিম বলেন, বিএনপি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিলেও দলটি কার্যত ‘সবার আগে বিএনপি’ নীতিতে চলছে। তাঁর অভিযোগ, প্রশাসনসহ বিভিন্ন খাতে দলীয় বিবেচনায় লোক নিয়োগ দেওয়া হচ্ছে। পরাজিত দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগের মাধ্যমেও দলীয়করণ করা হচ্ছে।
তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করা জরুরি। এ লক্ষ্য সামনে রেখে মজলুম জননেতা হিসেবে পরিচিত সাবেক ছাত্রনেতা মো. দেলাওয়ার হোসেনকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠানোর জন্য ঠাকুরগাঁও-১ আসনের সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার দিনব্যাপী ১০টি ইউনিয়ন সফরকালে অনুষ্ঠিত এসব সভায় আরও বক্তব্য দেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ফক্বীহ মাওলানা আবদুল হাকিম, দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফজলে রাব্বী মোর্তজাবী এবং বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় নেতারা।
২৯ অক্টোবরের উপনির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে ভোটারদের সমর্থন আদায়ে দলীয় প্রচার-প্রচারণা ও সাংগঠনিক তৎপরতা জোরদার করছে জামায়াতে ইসলামী। নির্বাচনে ভোটের সুষ্ঠু পরিবেশ, অনিয়ম প্রতিরোধ এবং জনগণের প্রত্যাশা পূরণের বিষয়গুলো দলটির প্রচারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।