• ঢাকা |

আল-ইসলাহ একাডেমিতে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ২০ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

বাগেরহাট প্রতিনিধি: শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক পাঠদান পদ্ধতির প্রয়োগ এবং শিক্ষার্থীদের নৈতিক ও সৃজনশীল বিকাশের লক্ষ্যে বাগেরহাটের ঐতিহ্যবাহী ইসলামীক স্কুল,  আল-ইসলাহ্ একাডেমিতে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২০ অক্টোবর    আল-ইসলাহ একাডেমি মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থী-কেন্দ্রিক আধুনিক পাঠদান পদ্ধতি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, পাঠপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং আদর্শ শিক্ষকের গুণাবলি ও দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।

আল-ইসলাহ একাডেমি ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট কাজী জাহাঙ্গীর হোসেন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবু সাঈদ।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম,  সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম মোল্লা এবং আল-ইসলাহ ট্রাস্টের পরিচালক অধ্যক্ষ শেখ সাইফুদ্দিন।

কর্মশালায় অংশগ্রহণমূলক শিক্ষা ও সৃজনশীলতা বিকাশে শিক্ষকের করণীয় বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থী-কেন্দ্রিক আধুনিক পাঠদান পদ্ধতি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, কার্যকর পাঠপরিকল্পনা তৈরি, শিক্ষার্থীদের মূল্যায়ন এবং বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

আলোচকরা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও সৃজনশীল চিন্তায় সমৃদ্ধ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদান করেন না; বরং শিক্ষার্থীদের চরিত্র গঠন, মননশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

কর্মশালার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষার সমন্বয়ে আদর্শ নাগরিক গঠনে শিক্ষকের ভূমিকা। 

 এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা তাঁদের পাঠদান পদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন। এর ফলে শিক্ষার্থীদের মেধা, মনন, সৃজনশীলতা ও মানবিক গুণাবলির বিকাশ ঘটবে এবং প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত হবে। এ মনটা আশা করেছেন স্কুল কর্তৃপক্ষ।