মোঃ তানজু আহমেদ: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদের অংশ ধসে তিন শিক্ষার্থী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলার দেবীপুর গ্রামের জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ষষ্ঠ শ্রেণির পাঠদান চলাকালে হঠাৎ করে শ্রেণিকক্ষের ছাদের একটি অংশ ভেঙে পড়ে। এতে সামিয়া আক্তার, নাদিয়া আক্তার ও রিতু বণিক নামে তিন শিক্ষার্থী আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিকল্প শ্রেণিকক্ষের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ওই ভবনেই পাঠদান চালিয়ে যেতে হচ্ছিল। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়টি আগে থেকেই জানা ছিল এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে বরাদ্দ না থাকায় এখনো সংস্কার বা নতুন ভবন নির্মাণ সম্ভব হয়নি।
ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ ভবনটি সংস্কার অথবা বিকল্প নিরাপদ স্থানে পাঠদানের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।