সরকারের পরিকল্পনা শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মজিবুর রহমান মঞ্জু
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতায় আসার পর জনগণের সমস্যা সমাধানে সরকার ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, সরকারের পরিকল্পনা বলতে এখন শুধু দফায় দফায় বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ানো এবং সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলা বোঝাচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এবি স্বেচ্ছাসেবক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকার বলেছিল, জনগণের সমস্যা সমাধানে তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বিদ্যুৎ ও গ্যাসের দাম দফায় দফায় বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যও ঊর্ধ্বমুখী। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও সামগ্রিকভাবে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ, হতাশা ও অসন্তোষ ক্রমেই বাড়ছে।
দেশের রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, গত ৫৪ বছর ধরে দেশে গতানুগতিক রাজনীতি চলে আসছে। দেশে এত রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? নিশ্চয়ই রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করা এবং মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো। কিন্তু এত আয়োজন ও প্রতিষ্ঠান থাকার পরও রাষ্ট্রকে কেন সঠিক পথে পরিচালিত করা যাচ্ছে না, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক পরিচয়, আস্থা ও বোঝাপড়ার অভাব রয়েছে। এ কারণে সামান্য বিষয়েও অবিশ্বাস ও দূরত্ব তৈরি হচ্ছে। অথচ জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলা জরুরি।
স্বেচ্ছাসেবক পার্টির নেতাকর্মীদের উদ্দেশে মঞ্জু বলেন, মানুষ তখনই রাজনীতির প্রতি আগ্রহী হয়, যখন তারা নিজেদের স্বার্থ, অধিকার ও প্রত্যাশার প্রতিফলন রাজনীতিতে দেখতে পায়। তাই জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক পার্টিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ করতে পারলে দেশ ও মানুষের জন্য কী কী অর্জন সম্ভব, সেই স্বপ্ন ও সম্ভাবনার কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।
অতীত ও বর্তমান রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আওয়ামী লীগ নানা আশ্বাস দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। বিএনপিও এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারছে না। রাজনীতি শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে পরিচালিত হতে পারে না। জনগণের বাস্তব সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।
এবি স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব তোফাজ্জল হোসাইন রমিজ।
সভায় বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান, মো. আলতাফ হোসাইন ও শাহাদাতুল্লাহ টুটুল, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক গোলাম রব্বানী রাজা, এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক সফিউল বাশার এবং সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু।
এ ছাড়া স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম সদস্যসচিব রাশিদা আক্তার মিতু ও মিজানুর রহমান মিঠু এবং কেন্দ্রীয় কমিটির সদস্য খোরশেদ আলম পলাশ বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, সহকারী দপ্তর সম্পাদক মোহসীনুল হক চৌধুরী, নারী উন্নয়নবিষয়ক সহসম্পাদক শাহিনুর আক্তার শিলা, উদ্যোক্তা ও কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক সুমাইয়া শারমিন ফারহানা, গাজীপুর মহানগরের সদস্যসচিব মাসুদ জমাদ্দার এবং নাটোর জেলা আহ্বায়ক মোকাররেবুর রহমান নাসিম।
স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিজান ও ডা. শাহ মাহমুদুল বারী রাকিবসহ কেন্দ্রীয় কমিটির সদস্য মনির হোসেন এবং জাবের হোসেন সুমনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।