মোঃ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড়ের নিউ তৃপ্তি হোটেলে চাঁদার দাবি পূরণ না করায় অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে হোটেলের আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিক মো. আনজারুল ইসলাম।
এ ঘটনায় তিনি শিবগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, স্থানীয় মইন আলী দীর্ঘদিন ধরে মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় হুমকি দেওয়ার পর গত ১৩ জুন ভোরে হোটেলে আগুন লাগানো হয় বলে দাবি করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে মইন আলী জানান, ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী ফ্রিজের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি নিজেও ভবনের ক্ষতিগ্রস্ত অংশে দোকান থাকার কথা জানান।
শিবগঞ্জ থানার ওসি বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।