• ঢাকা |

আলজেরিয়ার প্রেসিডেন্টকে জামায়াত আমীরের চিঠি হস্তান্তর


নিউজ প্রকাশের তারিখ : ১ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবুনের কাছে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার লে মেরিডিয়ান হোটেলে আলজেরিয়ার ৭২তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার চিঠিটি বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির কাছে হস্তান্তর করেন।

রাজধানীর নিকুঞ্জে অবস্থিত হোটেলটির স্কাই বলরুমে আয়োজিত এ সংবর্ধনার আয়োজন করেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি ও তাঁর সহধর্মিণী মিসেস মেরিয়েম সাইদানি।

ডা. শফিকুর রহমানের পাঠানো চিঠিতে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বিদ্যমান কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক সৌহার্দ্য এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

চিঠি হস্তান্তরের এ উদ্যোগ দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধিতে জামায়াতে ইসলামীর আগ্রহের প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুরুন্নিছা সিদ্দিকা, মারজিয়া বেগম, নাজমুন্নাহার নীলু ও সাবিকুন্নাহার মুন্নি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।