সৈয়দ জহরুল হক টুটুল, আলফাডাঙ্গা: ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর ২০২৬) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুবায়ের হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম। উপজেলা কৃষি কর্মকর্তা তুষার শাহা, আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে যুব ঋণের চেক ও বিভিন্ন পর্যায়ে সনদপত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এ সময় যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ, কর্মমুখী শিক্ষা ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। পাশাপাশি নিজেদের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী হওয়ার জন্য যুবকদের প্রতি আহ্বান জানান তাঁরা।
আয়োজকরা জানান, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে যুব উন্নয়ন অধিদপ্তরের এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে তরুণদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।