• ঢাকা |

অংকুরের ‘অর্গানাইজার্স ডেভেলপমেন্ট সেশন’ অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুরের উদ্যোগে সংগঠকদের দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে ‘অর্গানাইজার্স ডেভেলপমেন্ট সেশন’ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ অক্টোবর রাজধানীর পল্টনে ফায়েনাজ টাওয়ারে এ প্রশিক্ষণমূলক সেশন অনুষ্ঠিত হয়।

অংকুরের পরিচালক শাহ শিহাব উদ্দিনের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় ‘কোরআন থেকে কথা’ শীর্ষক আলোচনা দিয়ে। এ পর্বে আলোচনা করেন ইসলামি ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আহসান আহমদ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘শিশু-কিশোর সংগঠনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা করেন বিশিষ্ট শিশু সংগঠক ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট শেখ রেজাউল করিম। আলোচনায় তিনি শিশু-কিশোরদের আদর্শ নাগরিক ও রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে তুলতে অংকুরের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন অংকুরের সহ-পরিচালক এ. বি. এম. শহিদুল ইসলাম।

সেশনে ‘শিশু-কিশোরদের মাঝে কাজ করার পদ্ধতি ও কৌশল’ শীর্ষক আলোচনা করেন অংকুরের সাবেক পরিচালক ও জাসাফের সেক্রেটারি কাজী আরিফুর রহমান। এ বিষয়ে প্যানেল আলোচনায় অংশ নেন সংগঠনের দপ্তর সম্পাদক মাওলানা মাহমুদ কাদির এবং পরিচালনা পরিষদের সদস্য মাহমুদ আহমদি নেজাদ।

‘দল পরিচালনার দক্ষতা’ শীর্ষক আলোচনা করেন অংকুরের উপদেষ্টা প্রকৌশলী আবদুল হাফিজ খসরু। এ বিষয়ে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের অর্থ সম্পাদক অ্যাডভোকেট এনায়েত রাব্বি একরাম এবং পরিচালনা পরিষদের সদস্য রাফকাতুল ইসলাম রাকিব।

অংকুরের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য অধ্যাপক আবদুল জলিলের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।