ঢাকা ৩০ আগস্ট ২০২৬: আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এক বিবৃতিতে অন্যায়ভাবে গুমের শিকার সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সরকারের প্রতি গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ,২০২৫ কে আইনে পরিণত করার দাবি জানিয়েছে খেলাফত মজলিস।
আজ এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের গুমের শিকার নিরপরাধ ব্যক্তিদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং তাঁদের শোকার্ত ও প্রতীক্ষারত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে বলেন,বিএনপি সরকার
অন্তর্বর্তীকালীন সরকারের প্রণীত গুম প্রতিরোধ অধ্যাদেশ ২০২৫ বাতিল করে গুমকারীদের
দায় মুক্তি দিতে চায়।
যেখানে মূল অধ্যাদেশে গুমের অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের জন্য মৃত্যুদণ্ডসহ কঠোর কারাদণ্ডের বিধান রাখা হয়েছিল। সেখানে প্রস্তাবিত বিলে যাবজ্জীবন ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। মূল অধ্যাদেশে দেশে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথা থাকলেও,২০২৬ সালের প্রস্তাবিত বিলে সাধারণ দায়রা জজ আদালতে এই বিচার সম্পন্ন করার কথা বলা হয়েছে। মূল অধ্যাদেশে গুমকে একটি 'চলমান অপরাধ'হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং গোপন আটক কেন্দ্র স্থাপনকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে রাখা হয়েছিল। যেখানে নতুন বিলে মাত্র কিছু ঘটনাকে গুম হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এভাবে সরকারের প্রস্তাবিত বিলের মাধ্যমে গুম প্রতিরোধ সম্ভব নয় বিধায় আমরা বাতিল গুম অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবী জানাচ্ছি। পাশাপাশি গুমের অভিযোগ তদন্তে আলাদা স্বাধীন ও নিরপেক্ষ শক্তিশালী সংস্থা গড়ে তোলার দাবি জানাচ্ছি।