• ঢাকা |

চকরিয়ায় ১৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ


নিউজ প্রকাশের তারিখ : ১৪ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের চকরিয়া উপজেলার বি.এম চর ইউনিয়নে অসহায় ও নিম্নআয়ের ১ হাজার ৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে আইএসডিই বাংলাদেশ

বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে সুবিধাভোগী পরিবারগুলোর হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সৌদি আরবভিত্তিক কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের অর্থায়নে এবং আইএসডিই বাংলাদেশের বাস্তবায়নে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

আয়োজকেরা জানান, এর আগে পেকুয়া উপজেলা ও পেকুয়া মগনামা ইউনিয়নেও ১ হাজার ৫০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা ও রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প মিলিয়ে প্রায় ২৭ হাজার সুবিধাভোগীকে এ সহায়তার আওতায় আনা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস. এম নাজের হোসাইন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম, মুস্তাক আহমেদ, তাজুল ইসলাম ও সুপম বড়ুয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ১২ নম্বর ভেওলা মানিকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম. জাহাঙ্গীর আলম বলেন, “দুর্যোগ ও অর্থনৈতিক সংকটে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। এ ধরনের মানবিক উদ্যোগ মানুষের পাশে দাঁড়ানোর অনন্য উদাহরণ। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংস্থাকে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসতে হবে।”

আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস. এম নাজের হোসাইন বলেন, “মানুষের দুর্ভোগ লাঘবে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। স্থানীয় জনগোষ্ঠী থেকে শুরু করে রোহিঙ্গা শরণার্থী সবাইকে মানবিক সহায়তার আওতায় আনার চেষ্টা করছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারাও। সুবিধাভোগী রাহিমা বেগম বলেন, “বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়েছে। এই সহায়তা আমাদের পরিবারের জন্য অনেক উপকার হয়েছে।”

আরেক সুবিধাভোগী আবদুল করিম বলেন, “দিনমজুরের কাজ সবসময় থাকে না। এমন সহায়তা পেয়ে পরিবার নিয়ে কিছুটা স্বস্তি পেলাম।”

এ সময় স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের এনামুল হক, ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল হামিদ, ৭ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দীন, ৩ নম্বর ওয়ার্ডের আব্দুন নবী, ১ নম্বর ওয়ার্ডের ইদ্রিস আহমেদ, ৪ নম্বর ওয়ার্ডের মো. ইউনুস, সংরক্ষিত নারী সদস্য বুলবুল জান্নাত ও ছেনুয়ারা বেগমসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, সুবিধাভোগীদের কাছে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সহায়তা পৌঁছে দিতে আইএসডিই বাংলাদেশ নিরলসভাবে কাজ করছে। প্রকৃত উপকারভোগীদের হাতে সহায়তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।