• ঢাকা |

গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় দ্রুত গ্রেপ্তারের দাবি বুলবুলের


নিউজ প্রকাশের তারিখ : ৪ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত মিছিলে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।

শনিবার (৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “খুনি, সন্ত্রাসী ও চাঁদাবাজরা দেশ ও জাতির শত্রু; তাদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না।” তিনি অভিযোগ করেন, যারা এসব অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেয়, তারাও দেশ ও জনগণের স্বার্থের পরিপন্থী।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলায় আহত ব্যবসায়ীদের খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুলবুল এসব কথা বলেন।

তিনি দাবি করেন, বিকেলে ব্যবসায়ীদের ওপর হামলা ও ধারালো অস্ত্র দিয়ে আহত করার ঘটনার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া উদ্বেগজনক। তার ভাষ্য, “চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে চাঁদাবাজদের সন্ত্রাসী হামলার ঘটনার পর পুলিশের নীরব ভূমিকা সন্দেহজনক।” তিনি আরও অভিযোগ করেন, হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে পুলিশ অবগত থাকার পরও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না।

বুলবুল বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে ব্যবসায়ী সমাজ পুলিশের ভূমিকার বিরুদ্ধে আন্দোলনে নামতে পারে। একই সঙ্গে তিনি সরকারের প্রতি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের আহ্বান জানান। তার মতে, কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব।

তিনি আরও বলেন, “জুলাইয়ের চেতনায় ছাত্র-জনতা ঐক্যবদ্ধ রয়েছে” এবং সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজন হলে তারা রাজপথে নামতে পারে বলেও মন্তব্য করেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, শাহবাগ পশ্চিম থানা আমীর অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবিব, রমনা থানা আমীর আতিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।