ময়মনসিংহ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বুধবার (১৬ জুলাই) ময়মনসিংহের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। দিনব্যাপী এ সফরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং হবিরবাড়ী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র ঘুরে দেখেন।
পরিদর্শনকালে উপদেষ্টা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও সেবা বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি সেবার মান, ওষুধ প্রাপ্তি ও চিকিৎসা কার্যক্রম সম্পর্কে সরাসরি খোঁজখবর নেন।
পরবর্তীতে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি বলেন, “মানসম্মত চিকিৎসা শিক্ষা নিশ্চিত করতে হবে এবং মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক গড়ে তুলতে হবে। পাশাপাশি গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দিতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খান এবং ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমসহ স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তারা।
পরিদর্শন শেষে উপদেষ্টা জানান, “সরকারের লক্ষ্য হলো জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত পরিবীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম চালানো হচ্ছে। এই পরিদর্শন সেই প্রচেষ্টারই অংশ।”