৩০ বছর পেরিয়ে ৩১ বছরে পদার্পণ করেছে দেশের একমাত্র সংগীত বিষয়ক পত্রিকা মাসিক সরগম। এ উপলক্ষে ১ অক্টোবর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা শেষে কেক কেটে সরগম-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রবীণ সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস, চিত্রশিল্পী হাশেম খান, গীতিকার শহিদুল্লাহ ফরায়জী, সাবেক সিএজি মাসুদ আহমেদ, বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, আকরামুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াসহ সংগীত ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শুধুমাত্র সংগীতকে বিষয় করে টানা তিন দশক একটি নিয়মিত প্রকাশনা চালিয়ে যাওয়া দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিরল ও গুরুত্বপূর্ণ ঘটনা। সরগম দীর্ঘদিন ধরে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, গবেষক ও সংগীতপ্রেমীদের মধ্যে সেতুবন্ধ তৈরিতে ভূমিকা রেখে আসছে। সংগীতের বিভিন্ন ধারা ও শিল্পীদের কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি সংগীতের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণেও এ পত্রিকার গুরুত্ব রয়েছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা ও সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী খুরশিদ আলম, লিনু বিল্লাহ, করিম হাসান খান, ফাহিম হোসেন চৌধুরী, রেবেকা সুলতানা, ডা. অরূপরতন চৌধুরী, উস্তাদ করিম শাহাবুদ্দিন, ইয়াসমীন মুশতারী, মুনতারিন মহল, নারায়ণ চন্দ্র শীল, উল্কা হোসেন, রোকেয়া হাসিনা নীলি, মঞ্জু সাহা, শিরীন শীলা, শেখ হেমায়েত ও দীপ্তি রাজবংশী। এ ছাড়া সরগম সাংস্কৃতিক দলের শিল্পীরাও সংগীত পরিবেশনায় অংশ নেন।
শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এ সময় সরগম-এর তিন দশকের পথচলা, বাংলা সংগীতে সরগম-এর ভূমিকা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।
সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, পাঠক, লেখক, শিল্পী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় সংগীতকে ভালোবেসে সরগম দীর্ঘ পথ পাড়ি দিতে পেরেছে। ভবিষ্যতেও সংগীতের চর্চা, শিল্পীদের কাজ ও সংগীতের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় জানান তিনি।