• ঢাকা |

বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশন ঘেরাও করবে জাতীয় বিপ্লবী পরিষদ


নিউজ প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বৃহস্পতিবার দেশটির হাইকমিশন ঘেরাও করবে বলে জানিয়েছে মুসলিম জাতীয়তাবাদী রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ।

বুধবার বিকালে রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে ঘেরাও কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শাহজাদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন কনফিডেন্স সেন্টারের সামনে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ে ইচ্ছুক নাগরিকরা সমবেত হবেন। তারা বেলা ১১টায় মিছিল নিয়ে ফেলানী এভিনিউ হয়ে হাইকমিশন অভিমুখে যাত্রা করবেন।

ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে বহিষ্কারের দাবির বিষয়ে খোমেনী ইহসান বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যা, অভিন্ন আন্তর্জাতিক নদীর পানি প্রত্যাহার, অসম ও অধীনতামূলক চুক্তির মাধ্যমে অব্যাহতভাবে বাংলাদেশকে শোষণ এবং শেখ হাসিনাসহ জুলাই গণহত্যাকারী পতিত ফ্যাসিস্টদের তৎপরতা চালাতে দিয়ে বাংলাদেশে আবারও আধিপত্য বিস্তারের অপচেষ্টা করছে ভারত। এসব ঘটনার প্রতিবাদের অংশ হিসেবে আমরা আন্তর্জাতিক নীতি অনুযায়ী ভারতীয় হাইকমিশনারের বহিষ্কার দাবি করছি।

তিনি বলেন, আমরা হঠাৎ করে ভারতীয় হাইকমিশনারের বহিষ্কার দাবি করছি না। গত আগস্ট থেকে আমরা নিয়মিতভাবে ভারতীয় আধিপত্যবাদবিরোধী কর্মসূচি পালন করে আসছি। এর ধারাবাহিকতায় গত ১ অক্টোবর আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর ভাইসরয়সুলভ অপতৎপরতার লাগাম টানতে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছিলাম।

তিনি বলেন, আল্টিমেটাম ঘোষণার পর দেশে কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। ভারতে আশ্রিত আওয়ামী লীগের তৎপরতা কমেনি। বরং শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে ঘোষণা দেওয়ার পর জনগণের ওপর হামলার ধারাবাহিকতায় পুলিশের ওপর হামলা শুরু হয়েছে। যা পরিস্থিতির অসহনীয় অবনতি হওয়ার প্রমাণ। এ অবস্থায় হাইকমিশনারকে বহিষ্কারের দাবি জানিয়ে আমরা বাংলাদেশ ও ভারতকে বার্তা দিচ্ছি।

ঘেরাও কর্মসূচি শতভাগ শান্তিপূর্ণ ও অহিংস হবে জানিয়ে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক বলেন, আমাদের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী লড়াই একদিনের জন্য নয়। আমরা নিয়মতান্ত্রিকভাবে লড়াই চালিয়ে যাব। তাই আমরা সব সময় সংঘাত এড়িয়ে চলতে চাই। তাই আশা করছি কর্মসূচি পালনকালে আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব ডা. নাবিল আহমদ, সহকারী সদস্য সচিব আবদুস সালাম, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান।