• ঢাকা |

নগর সংকট নিরসনে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে ঢাকা-৪ ও ৫ আসনের এমপির জরুরি বৈঠক


নিউজ প্রকাশের তারিখ : ৬ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ডেস্ক রিপোর্ট: রাজধানীর দক্ষিণাঞ্চলে চলমান নাগরিক দুর্ভোগ লাঘবে জরুরি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসকের সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্যদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সকালে ডিএসসিসি কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এবং ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।

বৈঠকে দুই সংসদ সদস্য তাদের নিজ নিজ এলাকার বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসব সমস্যার মধ্যে রয়েছে গ্যাস সংকট, অনুন্নত স্বাস্থ্যসেবা, মশার উপদ্রব, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, সড়কের বেহাল অবস্থা, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, নিরাপদ পানির অভাব, মাদক ও কিশোর গ্যাংয়ের উৎপাত, এবং খেলার মাঠের স্বল্পতা।

বিশেষভাবে যাত্রাবাড়ীতে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের অব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন স্মৃতিস্তম্ভটির নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে এর চারপাশে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করা জরুরি।

জবাবে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। তিনি সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়ার কথাও জানান।

মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন যাত্রাবাড়ী পূর্ব থানা আমীর শাহাজাহান খান, ডেমরা মধ্য থানা আমীর মোহাম্মদ আলী, কদমতলী থানা আমীর মহিউদ্দিনসহ মহানগরীর বিভিন্ন স্তরের নেতারা।

সভায় বক্তারা সমন্বিত উদ্যোগের মাধ্যমে রাজধানীর দক্ষিণাঞ্চলের নাগরিক সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং দ্রুত দৃশ্যমান অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন।