স্টাফ রিপোর্টার
গ্যাস-বিদ্যুৎ সংকট, জনদুর্ভোগ ও স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের জন্য নতুন বার্তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি অভিযোগ করেছেন, জনগণের দুর্ভোগ নিরসনে সরকার কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে এবং অতীত সরকারের দায় দেখিয়ে বর্তমান পরিস্থিতির দায় এড়ানোর চেষ্টা করছে।
রোববার (১৬ আগস্ট) রাতে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণের থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে নূরুল ইসলাম বুলবুল বলেন, সরকার গ্যাস-বিদ্যুৎ সংকটসহ বিদ্যমান জনদুর্ভোগকে 'পতিত আওয়ামী সরকারের ১৭ বছরের জঞ্জাল' বলে উল্লেখ করে নিজেদের দায় এড়াতে চাইছে। তিনি প্রশ্ন তোলেন, যদি সবকিছুর জন্য আগের সরকারই দায়ী হয়, তাহলে বর্তমান সরকারের করণীয় কী?
তার ভাষায়, "যদি সরকারের করণীয় কিছু না থাকে, তাহলে ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত।"
তিনি আরও বলেন, যারা জনগণের দুর্ভোগ কমানোর পরিবর্তে তা বাড়িয়ে তোলে, তাদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।
বুলবুল অভিযোগ করেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে সরকার তা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে তিনি জনদুর্ভোগ নিরসনে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
স্থানীয় নির্বাচন ঘিরে সাংগঠনিক প্রস্তুতির নির্দেশ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, "জনগণের বিজয় যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, সেজন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে প্রস্তুত থাকতে হবে।"
এ ছাড়া জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান জানান তিনি।
সমাবেশে সাংগঠনিক সম্প্রসারণের ওপরও জোর দেওয়া হয়। বুলবুল বলেন, বার্ষিক পরিকল্পনা শতভাগ বাস্তবায়নের পাশাপাশি সংগঠনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, "পাড়া-মহল্লা, অলিগলি—সব জায়গায় সংগঠনের কার্যক্রম বিস্তৃত করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচনে সমর্থিত প্রার্থীদের বিজয়ের জন্য প্রয়োজনীয় ভূমিকা রাখতে হবে।"
ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন এমপি, ড. আব্দুল মান্নান, শামসুর রহমান, সৈয়দ জয়নুল আবেদীন এমপিসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া থানা আমীর, বিভাগীয় সভাপতি, নায়েবে আমীর, সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিরাও সমাবেশে অংশ নেন।