বায়েজীদ হোসেন, নওগাঁ : রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা শারমিন।
এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা শারমিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধামইরহাট উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, ধামইরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, ধামইরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, মৎস্যচাষি সহকারী অধ্যাপক জামাল উদ্দিন, মৎস্যচাষি বদিউজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ধামইরহাটে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণের পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় মৎস্যচাষিদের মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার, জলাশয়ের সুষ্ঠু ও সঠিক ব্যবস্থাপনা এবং মাছের রোগবালাই প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখার জন্য মৎস্যচাষিদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সফল ও শ্রেষ্ঠ মৎস্যচাষিদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে মৎস্যচাষি ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।