• ঢাকা |

জাপান সফর শেষে দেশে ফিরলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান


নিউজ প্রকাশের তারিখ : ৯ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

বিশেষ প্রতিবেদক: এক সপ্তাহের জাপান সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার দুপুর ১২টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা। এদের মধ্যে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, সহকারী সেক্রেটারি কামাল হোসেন, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এবং প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারসহ অন্যান্য নেতাকর্মীরা।
গত ২ মে রাত ৩টায় তিনি ঢাকা ত্যাগ করে জাপানের উদ্দেশে রওনা দেন। সফরে তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মীর আহমাদ বিন কাসেম আরমান।
বিমানবন্দরে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান জানান, জাপান সফরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, জাইকা (JICA (Japan International Cooperation Agency)) এবং বিভিন্ন সংস্থার সঙ্গে বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগ, শিক্ষা বিনিময়, দক্ষতা উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও অবকাঠামো সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। জাপান বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে সহযোগিতা বাড়াতে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন। সফরে ক্যান্সার চিকিৎসা, গ্রামীণ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়েও আলোচনা হয়।
ফেরার পথে থাইল্যান্ডে অবস্থানকালে তিনি জুলাই আন্দোলনে আহতদের খোঁজখবর নেন বলে জানান। তিনি আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও মানসিক সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত এবং বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।